ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা আজ ১৮ মে ২০২৬ সোমবার ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সদরুল আমিন সম্মানিত অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নবীনদের পক্ষে রিফা সানজিদা ও সালমান ফারসি আজিম এবং বিদায়ীদের পক্ষে ফাতেমা তাসনিম ও সারোয়ার কামাল ভুইয়া অনুভূতি প্রকাশ করেন। বিভাগের প্রভাষক সুমাইয়া কবির অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং নিজেদের নৈতিকতা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সংমিশ্রণ ঘটিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের কর্ম ও সাফল্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় নির্ধারিত হবে। শিক্ষার্থীরা দেশের যেকোনো প্রান্তে নিজেদের মেধা ও আদর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের পথচলায় সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

১৮/০৫/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।