ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬’ উদযাপিত হবে। অণুজীবের বৈচিত্র্য, মানবকল্যাণে এর গুরুত্ব এবং জীবনবিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে তরুণ শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য প্রদান করবেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান।
দিনব্যাপী এ আয়োজনে তিনটি আমন্ত্রিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। প্রথম বক্তৃতা প্রদান করবেন আইসিডিডিআর,বি-এর ওয়ান হেলথ ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট ও হেড ড. মোহাম্মদ জিয়াউর রহমান। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে আয়োজিত তাঁর বক্তৃতায় জীববিজ্ঞানে উচ্চশিক্ষা ও কর্মজীবন গড়ে তোলার সম্ভাবনা, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হবে। দ্বিতীয় আমন্ত্রিত বক্তৃতা প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মারুফা জেরিন আখতার। তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার সাবিক খায়ের।
অনুষ্ঠানের বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মধ্যে থাকবে ল্যাবরেটরি ডেমোনস্ট্রেশন, শিক্ষার্থীদের বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী এবং আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা। কুইজে আমন্ত্রিত বক্তৃতাসমূহে উপস্থাপিত বিষয়সহ অণুজীববিজ্ঞানের মৌলিক ও প্রাসঙ্গিক ধারণার ওপর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জ্ঞান ও অনুধাবন মূল্যায়ন করা হবে।
১৭ সেপ্টেম্বর সকাল ৯:৩০টায় পবিত্র কোরআন শরীফ থেকে পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। আমন্ত্রিত বক্তৃতা ও অতিথিদের বক্তব্যের পর সকাল ১১:০০টা থেকে ল্যাবরেটরি ডেমেনোস্ট্রেশন ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুপুর ২:০০টায় শুরু হবে আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা। বিকেল ৩:১৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজন শেষ হবে।
আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিম অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।
দিবসটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অণুজীব, উদ্ভিদ ও প্রতিবেশের নিবিড় আন্তঃসম্পর্ক বিষয়ে সচেতনতা সৃষ্টির প্রতীকী প্রয়াস হিসেবে এ কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজির সভাপতি ড. লতিফুল বারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সঙ্গীতা আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

১৩/০৯/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়