ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক স্থাপন এবং প্রকাশনা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর নিয়মিতভাবে ‘গবেষণা-উদ্ভাবন মেলা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের মাধ্যমে মানসম্মত স্ট্যার্টআপ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গবেষণা-উদ্ভাবন মেলায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন, বুকলেট ও পোস্টার প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময়, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।
এউপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সভায় সভাপতিত্ব করেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল-এর পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা ও উদ্ভাবনমূলক গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যুগোপযোগী গবেষণার মাধ্যমে গবেষকদের দেশ ও জাতির টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে হবে। সামাজিক চাহিদা নিরূপণ, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

১৩/১০/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়