ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ইউনিট বাঁধনের উদ্যোগে নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা গতকাল ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হল ইউনিট বাঁধনের সভাপতি আবিদা আফরিন রিচির সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক ডা. নিলুফা ইয়াসমিন প্রধান আলোচক এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও বাঁধন রোকেয়া হল ইউনিটের উপদেষ্টা শিক্ষক ফরিদা ইয়াসমিন বন্যা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শিশির মল্লিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি মো. মোনতাসির আল মুয়িদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বাঁধন রোকেয়া হল ইউনিটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার ও আহ্বায়ক আফসানা মিমি।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এধরনের সেবামূলক কাজ মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করে। রক্তদানের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিং ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পায়। মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সর্বোচ্চ রক্তদানের জন্য রোকেয়া হলের ৩৫ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

২১/১১/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।