ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও জোরদার, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ ৩০ আগস্ট ২০২৬ রবিবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী সভায় বক্তব্য রাখেন। এ সময় আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং চীনা, জাপানি, কোরিয়ান, আরবী, ফরাসি ও ইংরেজি ভাষা- সহ বিভিন্ন ভাষা শিক্ষা প্রদানের ক্ষেত্রে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা পর্যালোচনা করা হয়। এছাড়া সভায়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান- এঁর নেতৃত্বে বর্তমান সরকারের ভাষা শিক্ষা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ভাষা ইনস্টিটিউটে এ সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন ও বর্তমান কার্যক্রমের আধুনিকায়ন, প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন এবং তৃতীয় ভাষা শিক্ষা প্রদানের জন্য দেশে পর্যাপ্ত দক্ষজনবল তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের মানুষের চাহিদা বাড়াতে ভাষাগত দক্ষতা অর্জন জরুরি। এ কারণে বর্তমান সরকার তৃতীয় ভাষা শিক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনবল প্রেরণের বিষয় বিবেচনা করে আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তৃতীয় ভাষা শিক্ষা বিষয়ে স্বল্প-মেয়াদি ও সার্টিফিকেট কোর্স সম্প্রসারণের উপরও তিনি জোর দেন। বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে আগ্রহী তরুণদের তৃতীয় ভাষায় দক্ষ করে তুলতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় তৃতীয় ভাষা শিক্ষা প্রদান বিষয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই ও এ সংক্রান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল কমিটির সদস্য- সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

৩০/৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়