ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৭৪তম ব্যাচের নবীন বরণ ও ৬৮তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবদুল করিম, অধ্যাপক ড. মো. এনামুল হক এবং অধ্যাপক ড. ইয়ারুল কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই সুযোগপ্রাপ্তির সঙ্গে তাদের দায়িত্বও বেড়েছে। নিজেদের মর্যাদা রক্ষার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য তাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। অ্যালামনাই হিসেবে বিভাগের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করার জন্য তিনি বিদায়ীদের প্রতি আহ্বান জানান।

২৩/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়