‘পরিবর্তনশীল বিশ্বে ইংরেজি সাহিত্য ও ভাষা শিক্ষা’ শীর্ষক সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এবং সেন্টার ফর ইংলিশ টিচিং এন্ড রিসার্চ (সিইটিআর)-এর যৌথ উদ্যোগে `English Literature and Language Education in a Changing World’ শীর্ষক পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট রিসার্চ সেমিনার আজ ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সিইটিআর-এর পরিচালক অধ্যাপক ড. নেভিন ফরিদার সভাপতিত্বে উদ্বোধনী পর্বে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার প্রধান অতিথি ছিলেন। ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাজিয়া মনজুর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নোশিন তাবাসসুম সিদ্দিকী অনুষ্ঠান সঞ্চালন করেন।
বক্তারা বর্তমান আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজি শিক্ষার সনাতনী ধারা পরিবর্তন করে যুগোপযোগী ও বহুমুখী পঠন-পাঠন পদ্ধতি চালু করার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে ইংরেজি শিক্ষাকে আধুনিক পেশার উপযোগী করে উপস্থাপন করতে হবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথভাবে গবেষণায় সম্পৃক্ত হতে হবে। ইংরেজি শিক্ষাকে উপভোগ্য করতে সাহিত্য চর্চার উপর তাঁরা গুরুত্বারোপ করেন।
তথ্যসূত্র: জনসংযোগ দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়