ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশেষ পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ‘Care to clean, Share the green’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম সম্পন্ন হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে বিভাগের শ্রেণিকক্ষ, ডিজাইন স্টুডিও, করিডোর ও আশপাশের আঙিনা ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হয় এবং পরিবেশবান্ধব নান্দনিক রূপ দিতে ইনডোর ও আউটডোর সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ শ্রমে পুরো বিভাগ এক প্রাণবন্ত রূপ লাভ করে। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সবার সম্মিলিত অংশগ্রহণে এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শিক্ষার সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা জাগ্রত করার লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।









