বিভাগ: ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্থান: সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS)
তারিখ: ৯ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২৯তম ব্যাচ) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত ৯ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS) ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক।
প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানিয়ে একাডেমিক উৎকর্ষ অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী চিন্তাভাবনার বিকাশ এবং মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধের সমন্বয়ে দক্ষ ও সহমর্মী মনোবিজ্ঞানী হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নবীন শিক্ষার্থী, বিভিন্ন ব্যাচের বর্তমান শিক্ষার্থী এবং বিভাগীয় অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণ করেন। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
![]() |
![]() |
![]() |
![]() |