ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশের সকল ক্ষুদ্র গোষ্ঠীর মাতৃভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই- যেখানে মানুষ তার ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা বা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নিজেকে ক্ষুদ্র মনে না করে। আজ ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেরিটেজ ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ এ আলোচনা সভার আয়োজন করে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সকল সংকীর্ণতার দেয়াল ভেঙ্গে বুদ্ধিবৃত্তিক উদারতা এবং মানবিক সেতুবন্ধন তৈরি করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস কেবল উচ্চশিক্ষা বিস্তারের ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এই ভূখন্ডের মানুষের আত্নপরিচয় অনুসন্ধান এবং গণতান্ত্রিক চেতনার উন্মেষের ইতিহাস। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এমন একটি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে ভিন্ন মত এবং ভিন্ন সংস্কৃতির চর্চা ও সংলাপ চলবে। সাংস্কৃতিক বহুত্ববাদ এবং উন্নয়ন আলোচনায় নারীর অংশগ্রহণ থাকবে। নারীর সাংস্কৃতিক এবং জ্ঞানভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
হেরিটেজ ম্যানেজমেন্ট এন্ড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ মূল আলোচক হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সময় টিভির সিইও জুবায়ের বাবু এবং মানবাধিকার কর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।

১৭/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়