ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশন (BELTA) -এর যৌথ উদ্যোগে ‘Project-Based Learning in the Age of AI: A Framework for Higher Education’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস (Stephen Forbes) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইক (University of Warwick, UK) -এর সহযোগী অধ্যাপক ড. জেসন এন্ডারসন (Dr. Jason Anderson) । স্বাগত বক্তব্য দেন বেলটা’র সভাপতি ও ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির। এছাড়া অনুষ্ঠানে বেলটা’র সাবেক সভাপতি ও ইংরেজি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. রুবিনা খান এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ এন্ড স্কুল এডুকেশন প্রোগ্রামের প্রধান দীপ্তি দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বেলটা’র সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিব উল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দ্রুত পরিবর্তনশীল এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনযাপন, কাজ ও শেখার পদ্ধতিতে নতুন রূপ দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিক্ষাক্ষেত্রে বিচক্ষণতা, দায়িত্বশীলতা ও অর্থবহভাবে ব্যবহারের উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমিয়ে সৃজনশীলতা, সমস্যা সমাধান করা এবং উদ্ভাবনী কাজে যুক্ত হতে সহায়তা করবে। 'প্রজেক্ট-ভিত্তিক শিক্ষা'র সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সুচিন্তিত ব্যবহারের সমন্বয় ঘটিয়ে শিক্ষার নতুন সুযোগ সৃষ্টির উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল ব্যবহার করে গবেষণা, বিশ্লেষণ এবং নতুন কিছু সৃষ্টি করতে পারে। শিক্ষকরাও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আরও উন্নত প্রজেক্ট ডিজাইন করতে পারেন এবং দ্রুত মতামত বা ফিডব্যাক প্রদান করতে পারেন। তবে, এই টুলগুলো অবশ্যই সততার সঙ্গে এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে প্রযুক্তি কেবল একটি মাধ্যম; শিক্ষার মূল কেন্দ্রবিন্দুতে সর্বদা শিক্ষকই থাকেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল বা বিজ্ঞানের অন্যান্য শাখার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি সামগ্রিক শিক্ষাব্যবস্থাতেও গভীর প্রভাব ফেলেছে। শিক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে শিক্ষাদান ও শেখার প্রক্রিয়াকে কার্যকর রাখতে হলে শ্রেণিকক্ষে বাস্তব পৃথিবীর সমস্যা ও বিষয়বস্তুর ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, শিক্ষা ব্যবস্থা তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন তা শিক্ষার্থীদের শুধু পুঁথিগত জ্ঞান দিয়েই সীমাবদ্ধ রাখে না, বরং দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার প্রয়োজনীয় দক্ষতা, আত্নবিশ্বাস এবং অভিযোজন ক্ষমতা দিয়েও সজ্জিত করে। এধরনের আয়োজন অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর মাধ্যমে আমরা সংলাপ ও শিক্ষার জন্য এমন একটি ক্ষেত্র তৈরি করতে পারি, যা কেবল শিক্ষকদেরই নয়, বরং শিক্ষার্থী এবং তাদের সেবাপ্রাপ্ত সমাজকেও উপকৃত করবে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়