ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। গতকাল ২৯ জুলাই ২০২৬ বুধবার সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হলের টিভি রুমে ‘জুলাই’২৪ গণ-অভ্যুত্থান স্মৃতির স্মরণে’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আবাসিক শিক্ষক অধ্যাপক ড. শেখ জহির রায়হান, হল সংসদের ভিপি খন্দকার মো. আবু নাঈম, জিএস ইমামুল হাসান,পাঠকক্ষ সম্পাদক মো. তায়েফ হোসেন ভূঁইয়া, হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আবিদ হাসনাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত বক্তব্য রাখেন। জুলাই’২৪ স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আল আমীন সিকদার অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, শাসকরা যখন জনগণের সেবকের পরিবর্তে শোষক হয়ে ওঠে, তখন তাদের পতন হয়। ইতিহাস সাক্ষী দেয়, গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো শক্তিই চিরকাল টিকে থাকতে পারে না। তিনি বলেন, জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই কর্নার স্থাপন, জুলাই আন্দোলনে আহতের জন্য টিউশন ফি মওকুফ, সংকলন প্রকাশসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরমতসহিষ্ণুতা, নিয়মানুবর্তিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- মো. সিফাত আলী (ফার্মেসী), ফাহিম শাহরিয়ার (প্রাণিবিদ্যা) ও মো. মহসীন উদ্দিন শাফি (গণিত)।
প্রাণিবিদ্যা বিভাগ: এ উপলক্ষ্যে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ‘রক্তিম জুলাই: মুক্তির নতুন দিগন্ত’ শীর্ষক অনুষ্ঠান আজ ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বিভাগের অধ্যাপক ড. মাহমুদ-উল-আমীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ৪র্থ বর্ষের শিক্ষার্থী কারিশমা আখতার কথা ও নওশাদ বিন জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট : এ উপলক্ষ্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আগামী ৩ আগস্ট সকাল ১০:০০ টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান : দায়িত্ববোধ ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শেখ মুজিবুর রহমান হল: এ উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে আগামী ০৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার বিকাল ৪টায় জুলাই শহিদ স্মৃতি ভবন হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ : ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে আজ ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে ভূগোল ও পরিবেশ বিভাগের রফিকুল ইসলাম খান অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আর্থ এন্ড এভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ্ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন ভূতত্ত্ব বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আজম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. ফজলুল হক। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী কুররাতুল আইন কানিজ, আরিয়ান, ভূতত্ত্ব বিভাগের ইলহাম বিনতে ইলিয়াস, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সামিহা আলম তানিশা, সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. শরিফুল ইসলাম এবং মুয়াজ ইবনে হারুন। অনুষ্ঠান সঞ্চালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমরা জুলাইয়ে আন্দোলন করেছি। সেই বৈষম্য মুক্ত সমাজ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
কবি জসীম উদদীন হল : কবি জসীম উদদীন হলের উদ্যোগে গতকাল ২৯ জুলাই ২০২৬ বুধবার সন্ধ্যা ৭:৩০টায় জুলাই বিপ্লবকে উপজীব্য করে উপস্থিত রচনা প্রতিযোগিতা ও বিশেষ পার্লামেন্টারি বিতর্ক, শহিদদের রুহের মাগফিরাত কামনায় হল মসজিদে বিশেষ মোনাজাত এবং হল অডিটোরিয়ামে ‘স্মৃতিতে ও জাগরণে জীবন্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি এবং প্রক্টর মো. ইসরাফিল প্রাং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া গণঅভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজ এবং শহীদ মাহামুুদুর রহমান সৈকতের পরিবারকে কবি জসীম উদদীন হল প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
অমর একুশে হল: এ উপলক্ষ্যে অমর একুশে হলের উদ্যোগে আগামী ১ আগস্ট সন্ধ্যা ৭:৩০ টায় হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
মাস্টারদা সূর্যসেন হল: এ উপলক্ষ্যে মাস্টারদা সূর্যসেন হলের উদ্যোগে গতকাল ২৯ জুলাই ২০২৬ বুধবার সন্ধ্যায় হলের টিভি কক্ষে ‘স্মৃতিতে রক্তিম জুলাই’ শীর্ষক এক আলোচনা সভা, স্মারক সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও হামলার শিকার মারুফা মায়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক ড. মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোখলেছুর রহমান জাবির, মোঃ আবিদুর রহমান (মিশু) এবং আরমান। শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্বে আন্দোলনকালীন অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন সোহাগ, মো. আবু জাফর, মো. আরিফুল ইসলাম, সাকিবুল হাসান, আজিজুল হক এবং মনোয়ার হোসেন প্রান্ত।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। জুলাইয়ের কোটাবিরোধী আন্দোলনে সূর্য সেন হলের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে থাকা সূর্য সেন হল ছিল সেই আন্দোলনের অন্যতম সূতিকাগার।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হল সাহিত্য ও সংস্কৃতি সংসদের আয়োজনে ‘এ মৃত্যু উপত্যকা’ শীর্ষক কবিতা আবৃত্তি এবং স্মারক সংগীত পরিবেশিত হয়। এছাড়া গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত আন্দোলনকালীন আলোকচিত্র নিয়ে হলের উন্মুক্ত প্রাঙ্গণে ‘স্মৃতিতে আমার জুলাই’ শীর্ষক বিশেষ চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।
সংস্কৃত বিভাগ : এ উপলক্ষ্যে সংস্কৃত বিভাগের উদ্যোগে আজ ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার কলাভবনের ৪০৩০ নং কক্ষে ‘স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলা অনুষদের ডিন ও সংস্কৃত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার সভায় সভাপতিত্ব করেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নানাভাবে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাহস, ত্যাগ ও আত্মদানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস শুধু স্মরণ করলেই হবে না; এর চেতনা বাস্তবায়নের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়বিচার, সমতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটবে না। জুলাই আন্দোলনের বিপক্ষে যারা ছিলেন তাদের বিচার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা আন্দোলনের বিপক্ষে ছিলেন না, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সে দিকে লক্ষ্য রাখতে হবে।
এসময় বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ধ্রুব রায়, শিমু আক্তার, মো. মাসুম ইসলাম হানিফ, জামিদুল রহমান জামিল, মো. হেলাল চৌধুরী, মো. ইমরান হোসনে এবং মো. জামিদুল ইসলাম বক্তব্য প্রদান করেন।
আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র: আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের উদ্যোগে আগামী ০২ আগস্ট ২০২৬ রবিবার বেলা ২:৩০টায় কলা ভবনে ‘Nonpartisanship in July Revolution’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ এবং ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ সেমিনারে বক্তব্য রাখবেন। বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
ইংরেজি বিভাগ : এ উপলক্ষ্যে ইংরেজি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার কলাভবনের ২০৮০ নম্বর কক্ষে ‘‘July Commemoration Programme’’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী- সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ: এ উপলক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে গতকাল ২৯ জুলাই ২০২৬ বুধবার সন্ধ্যায় “জুলাই স্মরণে : স্মৃতি, সংগ্রাম ও স্বপ্ন” শীর্ষক এক আলোচনা সভা, স্মারক সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নাছিমা খাতুন সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ: এ উপলক্ষ্যে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের উদ্যোগে আগামী ৩ আগস্ট ২০২৬ সন্ধ্যায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বিষয়ে একটি আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী ১৩ ও ২০ আগস্ট মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে একটি চলচ্চিত্র প্রদর্শীর আয়োজন করা হয়েছে।

৩০/০৭/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়