ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভায় ‘ক্লিন ক্যাম্পাস ও গ্রীন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হাবিবুল হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, এস্টেট ম্যানেজার-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় পরিস্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় ব্যাপক গণ-সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা যত্রতত্র না ফেলার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। নিজ নিজ আঙিনা ব্যক্তিগত উদ্যোগে পরিচ্ছন্ন রাখার উপর তিনি গুরুত্বারোপ করেন।

১২/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়