বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি (বিপিএস) ও মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে 'Philosophy for Peace' শীর্ষক দু’দিনব্যাপী ২য় আন্তর্জাতিক সম্মেলন আজ ১ আগস্ট ২০২৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই সম্মেলন উদ্বোধন করেন।
বিপিএস-এর সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান ও মোহাম্মদী কাফেলার প্রধান খাদেম এ আর এম কামরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। বিপিএস-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। দর্শন বিভাগের শিক্ষক মুহাম্মদ ওয়াহিদুল আলম ও জি. এম. বায়েজিদ ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সকলকে দর্শন চর্চায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়তে বিজ্ঞানের পাশাপাশি দর্শনের নৈতিক চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। শান্তির জন্য একটি মানবিক ও সাধারণ দর্শন প্রয়োজন। এই দর্শনের মাধ্যমেই বিশ্বে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা সম্ভব।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দর্শন মানুষকে প্রকৃত মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে। জীবনকে সুশৃঙ্খল করতে সহায়তা করে। বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দর্শনের চর্চা বাড়ালেই বিশ্বে টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব হবে। সমৃদ্ধ দেশ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে ৫টি অধিবেশনে ৪৯টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।
০১/০৮/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়