ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগ, ঢাকাস্থ ফরাসি দূতাবাস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (ICOG)-এর যৌথ উদ্যোগে “ Training on Reinforcing Technical Capacity of Water Level Data Collection, Processing and Analysis for Climate Hazard Management in the Bangladeshi Delta” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ ১৭ আগস্ট ২০২৬ সোমবার সমুদ্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ ড. টোনিয়া অ্যাস্ট্রিড ক্যাপুয়ানো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইসিওজি’র গবেষক ড. মোহাম্মদ আসফাক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইসিওজি (ICOG) - এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী স্বাগত বক্তব্য দেন। সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া নাসরিন সারা অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় খুবই সামান্য। অথচ এর ক্ষতিকর প্রভাব বাংলাদেশকে ব্যাপকভাবে মোকাবিলা করতে হচ্ছে। দেশের উপকূলীয় অঞ্চল প্রায়ই বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস-সহ নানা ধরনের জলবায়ুজনিত ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে আমাদের কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে জাতীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার ৬০ জন পেশাজীবী কর্মশালায় অংশগ্রহণ করেন।
১৭/৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়