ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ Respect and Responsibility: Student-Led Solutions for Safer and Violence-Free Campuses ’-শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান আজ ২৫ নভেম্বর ২০২৬ বুধবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ সম্মানিত অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় অধ্যাপক ড. তানিয়া হক।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে কেবল প্রাতিষ্ঠানিক কাঠামোই যথেষ্ট নয়, বরং বিদ্যমান আইনের বাস্তব প্রয়োগ এবং ক্যাম্পাসের সকল অংশীজনের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি সমস্যার সম্ভাব্য সমাধানের উপায় বের করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক্ষেত্রে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, যৌন হয়রানি প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় অভিযোগ সেল রয়েছে। নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী-সহ সকলের সহযোগিতা কামনা করেন। উপাচার্য বলেন, আমাদের এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, শিক্ষার্থীরা নির্ভয়ে নিজেদের মতামত তুলে ধরতে পারবে এবং কাউকে কোনো ধরনের বৈষম্য, হয়রানি বা সহিংসতার শিকার হতে হবে না।
উল্লেখ্য, লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এর অংশ হিসেবে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও আইডিয়া কম্পিটিশন আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৭টি প্রস্তাবনা থেকে ১১টি আইডিয়াকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- তাসমিয়া আলম সুপ্তি, বাঁধন সাহা, সুচিতা আহমেদ রাভি, ফারজানা রাহমেদ শুচি, সাবরিনা রহমান সিম্মি, সাজিদা জামান তানহা, উজমা ফারিয়া মুন, শাবনাজ জামান, জুনায়েদ শাকিল, তাসিন মিথ এবং কাজী শামসুজ্জামান।
২৫/১১/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়