ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার ভোর ৪:৫২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আগামী ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে আনা হবে। ঐদিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে রায়েরবাজার কবরস্থানে তাঁর পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি একজন সৎ, বিনয়ী ও সজ্জন ব্যক্তি এবং নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ ১৯৬০ সালের ১ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৩ সাল থেকে তিনি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (SUNY), এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি, লেবাননের বালামান্ড বিশ্ববিদ্যালয় এবং ফিজির ইউনিভার্সিটি অফ সাউথ প্যাসিফিকসহ বিভিন্ন খ্যাতিমান প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন।

২৪/০৩/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়