ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে দু'দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গত ১০ জানুয়ারি ২০২৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগ এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে। ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ফিন্যান্স’ প্রতিপাদ্য নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে ব্যাংকিং সেক্টরের রেগুলেটরি কর্তৃপক্ষ, দেশি-বিদেশি শরীয়াহ বিশেষজ্ঞ, ইসলামিক ফাইন্যান্স সেক্টরের শীর্ষ স্কলার এবং ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ইসলামী অর্থনীতি কেবল একটি ইস্যু নয়; বরং এর সঙ্গে লক্ষ-কোটি মানুষের দৈনন্দিন জীবন সম্পৃক্ত রয়েছে। এ দেশের শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ মুসলিম। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা গ্রামীণ জনগণের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। সম্মেলনটি শিক্ষাবিদ, গবেষক, অর্থনীতিবিদ, শরীয়াহ বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। এই সম্মেলন ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং ক্ষেত্রে উদ্ভূত নানা চ্যালেঞ্জ ও সঙ্কট নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১৩/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়