“আগাম সতর্কতা ও সচেতনতাই পরিহারযোগ্য মৃত্যু রোধের মূল চাবিকাঠি” প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আজ ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালন করেছে। এ উপলক্ষ্যে আজ সকালে প্রশাসনিক ভবন চত্বর থেকে এক র্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, বিভাগীয় চেয়ারম্যান ড. মো. রবিউল আউয়াল, সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার-সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এডিএন (Avoidable Deaths Network)-বাংলাদেশ চ্যাপ্টার-এর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে আগাম সতর্কবার্তা প্রাপ্তির উপর গুরুত্বারোপ করে বলেন, আগাম সতর্কতা, কার্যকর যোগাযোগ ও সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে অনেকক্ষেত্রেই জান-মালের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করা সম্ভব। দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে সারাবছর সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার উপর তিনি গুরুত্বারোপ করেন। জনসচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্যঝুঁকি, সময়মতো চিকিৎসা না পাওয়া, নিরাপদ আশ্রয়ের অভাব, বন্যার পানিতে ডোবা, সাপে কাটা, আগুন লাগা কিংবা যথাযথ তথ্যের অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে অনেক মৃত্যু ঘটে। সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এধরনের পরিহারযোগ্য মৃত্যু (avoidable deaths) রোধ করা সম্ভব। এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সচেতনতামূলক কার্যক্রম শুধু একাডেমিক পরিসরে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি নীতি নির্ধারণ, মাঠপর্যায়ের কার্যক্রম এবং জাতীয় উন্নয়নের সঙ্গেও যুক্ত হবে।
৩১/০৩/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়