প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। আজ ০৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এই পদক তুলে দেন।
উল্লেখ্য, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন ২০২৬ এসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ু দূষণ ও প্রযুক্তি বিষয়ে প্রায় ২৫ বছর যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন। বায়ু দূষণ, Atmospheric Science, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করে তিনি বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ ও এসংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. আবদুস সালাম দেশ-বিদেশে অসংখ্য সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেন এবং ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেন।
জাতীয় পরিবেশ পদক লাভ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাগণ প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ৩ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

০৯/০৭/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়