ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান গাজীপুরের বাহাদুরপুরে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আজ ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান স্কাউট লিডার ড. মো. মুমিত আল রশিদ-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সেবার আদর্শ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে মানবকল্যাণে কাজ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের প্রতি আহ্বান জানান। বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান রোভারদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রোভার স্কাউটদের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দীক্ষা গ্রহণের মাধ্যমে ওয়ার্ল্ড স্কাউট আন্দোলনের সদস্যপদ লাভ করেন।
এছাড়া, সদ্য প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৩ জন রোভারকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

১৪/০৮/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়