ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা গতকাল ০১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নির্বাহী সমন্বয়ক অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, অনুষদের নিয়োগপ্রাপ্ত নতুন ডিন অধ্যাপক আল-আমিন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: আব্বাস আলী খান এবং অ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সদস্য ড. কাজী মঈনুদ্দিন মাহমুদ ধন্যবাদ জ্ঞাপন করেন। এমবিএ শিক্ষার্থী বহ্নি শিখা ঠাকুর অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিজনেস স্টাডিজ অনুষদের অ্যালামনাইগণ পেশাগত জীবনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, বর্তমান যুগের কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব দ্রুত বাড়ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

০২/০৯/২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়