ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ইউএন উইমেন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে “Care Economy and the Labour Market: Rethinking Women's Economic Agency in Bangladesh” শীর্ষক আলোচনা সভা আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৃহস্থালি ও পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার মতো অবৈতনিক কাজ এখনো নারীদের ওপর নির্ভরশীল। এসব কাজ নারীর শ্রমবাজারে অংশগ্রহণ ও অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি করে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে যত্নমূলক কাজের গুরুত্ব স্বীকার করতে হবে এবং এবিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে। তারা বলেন, নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও কর্মক্ষেত্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

১০/০৯/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়