ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার বিভাগের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক বিশেষ অতিথি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. লুৎফর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল করিম স্বাগত বক্তব্য দেন। বিভাগের শিক্ষার্থী আনিকা সানজিদা উপমা অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রযুক্তির ব্যবহার ও গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। দেশের প্রযুক্তিগত উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়াতে হবে। প্রযুক্তির জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে এবং কর্মক্ষেত্রে সফলতা লাভ করতে পারবে।
উল্লেখ্য, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রফেশনাল মাস্টার্স পর্যায়ে দুটি পৃথক কোর্স পরিচালিত হচ্ছে। গতকাল ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS)-এর ৭ম ব্যাচ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং (PMAIDE)-এর ২য় ব্যাচের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

১৮/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়