“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর বারোতম লেকচার অনুষ্ঠিত”
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর বারোতম লেকচার অনুষ্ঠিত”
গত ০৪ নভেম্বর ২০২৬ বুধবার দর্শন বিভাগ আয়োজিত কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬-এর বারোতম সেমিনার বিভাগীয় ওয়ার্কস্টেশন কাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারের বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেছেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. আহম্মদ উল্লাহ। তাঁর প্রবন্ধের শিরোনাম ছিলো “বাংলাদেশের শিক্ষাক্রম ও নৈতিক উন্নয়নের আন্তঃসম্পর্ক: নীতি, দর্শন, পাঠদান ও বাস্তবায়নের সবিচার বিশ্লেষণ”। ড. আহম্মদ উল্লাহ তাঁর বক্তব্যে বাংলাদেশের শিক্ষাক্রমে নৈতিক শিক্ষার অবস্থান, দার্শনিক ভিত্তি এবং বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁর প্রবন্ধের মূল প্রতিপাদ্য হলো, নৈতিক শিক্ষা কেবল পাঠ্যপুস্তকে নৈতিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করা কিংবা শিক্ষার্থীদের নির্দিষ্ট আচরণবিধি অনুসরণে উদ্বুদ্ধ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিক বিচারক্ষমতা, মানবিক সংবেদনশীলতা, স্বাধীন চিন্তা, চরিত্রগঠন এবং সামাজিক দায়িত্ববোধের বিকাশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এ প্রেক্ষাপটে তিনি তাঁর প্রবন্ধে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতির ঘোষিত নৈতিক উদ্দেশ্য, শিক্ষাক্রমের বিষয়বস্তু, পাঠদানপদ্ধতি, মূল্যায়নব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেছেন। তিনি ডিউই, কোহলবার্গ, নডিংস ও লিকোনার শিক্ষাদার্শনিক চিন্তার পাশাপাশি সদ্গুণনীতি, কর্তব্যনীতি ও পরিণামবাদী নৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে নৈতিক শিক্ষার বহুমাত্রিক প্রকৃতি ব্যাখ্যা করেছেন এবং এ আলোকে নৈতিক শিক্ষার একটি পাঁচমাত্রিক সমন্বিত বিশ্লেষণী কাঠামো প্রস্তাব করেন । এ কাঠামো নৈতিক শিক্ষার নীতিগত আদর্শ ও শিক্ষার্থীর বাস্তব শিক্ষণ-অভিজ্ঞতার মধ্যকার সম্পর্ক অনুধাবনের একটি সুসংহত ধারণাগত ভিত্তি প্রদান করে। পাশাপাশি বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা, শিক্ষার মানবিক উদ্দেশ্য এবং টেকসই উন্নয়নের সঙ্গে নৈতিক শিক্ষার সম্পর্ক তুলে ধরার প্রচেষ্টা প্রবন্ধটির প্রাসঙ্গিকতা বৃদ্ধি করেছে। সামগ্রিকভাবে প্রবন্ধটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার গুরুত্বকে দার্শনিক ও নীতিগত দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার সুযোগ সৃষ্টি করা এবং নৈতিক শিক্ষার উদ্দেশ্য, প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক বাস্তবায়নের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক ড. হামিদুর রহমান। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, এবং প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।