Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে সমঝোতা (এমওইউ) স্বাক্ষরিত

Published January 18, 2026 Department of Sculpture
All Latest News

১৮ জানুয়ারি ২০২৬ রবিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কক্ষে ভাস্কর্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভাস্কর্য ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দুই বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পিএইচডি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান জনাব শান্তনু মন্ডল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান জনাব নাসিমুল খবির। এ ছাড়াও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক লালা রুখ সেলিম, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ, প্রভাষক ও ছাত্র উপদেষ্টা সৈয়দ তারেক রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের পক্ষে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জাহিদা আখতার ও সহকারী অধ্যাপক মুহা. রামীজ আফরোজ শাহী। স্বাক্ষর অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী (পিএইচডি) প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই সমঝোতা চুক্তির ভিত্তিতে উভয় বিশ্ববিদ্যালয় এমন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে যাতে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধিত হয়। পরিশেষে এই চুক্তি সম্পন্ন করার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নূরুন্নবীর পক্ষে ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য ভাস্কর্য ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় এবং ভাস্কর্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি বিনিময় কার্যক্রমের মাধ্যমে দুই পক্ষের সার্বিক শিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতার পরিসরকে বৃদ্ধি করা । এই সমঝোতা চুক্তির অধীনে সেমিনার/উপস্থাপনা/শিল্পকথন, কোর্স/বিষয় ভিত্তিক কর্মশালা, কর্মশালা ভিত্তিক প্রদর্শনী, বিষয় ভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন ও গবেষণা প্রকল্প ভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

Link copied