ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, শিক্ষকতা পেশায় একাডেমিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানা দায়িত্ব সামলাতে হয়। ফলে কর্মক্ষেত্রে মানসিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক। তবে সময়ের সঠিক ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা, কাজের প্রতি আন্তরিকতা এবং অন্যের সময় ও অধিকারকে মূল্য দেওয়ার মাধ্যমে এই চাপ অনেকাংশে কমানো সম্ভব। আজ ১৯ আগস্ট ২০২৬, বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স রুমে ‘Stress Management in Everyday Life’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলা অনুষদ এ সেমিনারের আয়োজন করে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেন। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন। সেমিনারে কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।