বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের অক্টোবর মাসে স্কোপাসের প্রতিষ্ঠানভিত্তিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট গবেষণা প্রকাশনার সংখ্যা ১৮ হাজার ২৫৫টি। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যার প্রকাশনার সংখ্যা ১৩ হাজার ৮০৭টি।
প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের মোট স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮০৮টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনার সংখ্যা উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে।
এ অর্জন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও অবদান রয়েছে। স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে থাকা আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরলস গবেষণার প্রতিফলন। আমরা গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী জ্ঞানচর্চার পরিসর আরও সম্প্রসারণ করতে চাই। এ লক্ষ্যে গবেষকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, গবেষণাবান্ধব পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার দৃশ্যমানতা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। আমি এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই।

৩০/১০/২৬
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।