ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অর্থবহ বৈজ্ঞানিক অগ্রগতির জন্য একটি শক্তিশালী গবেষণা সংস্কৃতি, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং আন্তর্জাতিক গবেষণা অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেছেন। আজ ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে “বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের ১১ তম সম্মেলন”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম স্বাগত বক্তব্য দেন। এছাড়া, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাসিত আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী হানিয়াম মারিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ক্রিস্টালোগ্রাফি আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ওষুধশিল্প ও প্রকৌশলসহ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ক্রিস্টালোগ্রাফির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টেকসই জ্বালানি, উন্নত ইলেকট্রনিক যন্ত্র, সেন্সর ও নতুন উপাদান উদ্ভাবনে ক্রিস্টালোগ্রাফিক গবেষণার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ গবেষণাকে এগিয়ে নিতে গবেষণা অবকাঠামো উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতির সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃবিষয়ক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। তিনি বলেন, বৈজ্ঞানিক সম্মেলনে গবেষকদের জ্ঞান ও গবেষণালব্ধ ফলাফল বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। এই সুযোগকে যথাযথ কাজে লাগাতে হবে। তরুণদের গবেষণায় সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গবেষণার সংখ্যা নয়, বরং গবেষণার গুণগত মানকে গুরুত্ব দিতে হবে।
২৭/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়