ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টি এবং তাদের রোগীকল্যাণ ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (BANCAT)- এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং BANCAT -এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট-এর উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ, BANCAT -এর প্রজেক্ট ডিরেক্টর সাজ্জাদ হায় চৌধুরী এবং ম্যানেজার, এক্সিকিউটিভ পার্টনারশিপ জায়েদ আহমেদ রিফাই উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ। BANCAT -এর সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যান্সার বিষয়ে সচেতন হবে এবং রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও বিকশিত হবে বলে আমরা আশা করি।
সমঝোতা স্মারকের আওতায় BANCAT -এর স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘BANCAT DURBAR’-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে কর্মসূচিটির প্রচার, স্বেচ্ছাসেবক নিবন্ধন, ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সহযোগিতার আওতায় ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম ও প্রচারাভিযান আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক এবং অনলাইন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক ক্যান্সার-সংশ্লিষ্ট দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
প্রশিক্ষিত ও তত্ত্বাবধানাধীন শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা ক্যান্সার রোগী ও তাদের পরিবারের জন্য অনুমোদিত অ-চিকিৎসামূলক সহায়তা, মানসিক সমর্থন, সঙ্গদান এবং বিনোদনমূলক ও উৎসাহব্যঞ্জক কার্যক্রমে অংশ নিতে পারবেন। তবে কোনো স্বেচ্ছাসেবক যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসাসেবা প্রদান করতে পারবেন না।
সমঝোতা স্মারকে রোগীদের মর্যাদা, নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মতির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। রোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া তাদের ছবি, ভিডিও, ব্যক্তিগত বা চিকিৎসাসংক্রান্ত তথ্য প্রকাশ করা যাবে না।
তিন বছর মেয়াদি এ সমঝোতা স্মারক পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে।

২৭/০৯/২০২৬
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।