গত ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সিরাজুল ইসলাম লেকচার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সিমেস্টার ১৯তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া খণ্ডকালীন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন। বিভাগীয় ছাত্র উপদেষ্টা ড. শহিদুল হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন । বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘’ইতিহাস বিভাগ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। প্রায় একশ’ বছর যাবৎ এই বিভাগের অ্যালামনাইরা দেশ ও জাতির কল্যাণে কৃতিত্বের সঙ্গে ভূমিকা রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য। তবে সেই পরিবেশের সঠিক ব্যবহার করতে হবে। …একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমে পারদর্শী হওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন।‘’ অনুষ্ঠানে অনার্স ও মাস্টার্সের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৮জন শিক্ষার্থীকে একাডেমিক রোল অব অনার প্রদান করা হয়। শিক্ষার্থীরা হলেন- শাজিয়া খানম আনিকা, মো. বোরহান উদ্দিন, আসিয়া হোসেন মালিহা ও মায়মুনা আক্তার এবং মনীষা রানী মহন্ত, শিউলি মোল্লা, রুপম রোদ্দুর ও মাহমুদ সিকদার। এছাড়া, মো. মারুফ হাসান ও রমা বর্মণকে খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য এ্যাথলেটিক রোল অব অনার প্রদান করা হয়।