ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক কে. এ. এম. সা’দউদ্দিনের স্মরণসভা আজ ৫ জুলাই ২০২৬ রবিবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবালের সভাপতিত্বে স্মরণসভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম ও অধ্যাপক ড. মাহবুবউল্লাহ বিশেষ অতিথি এবং অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অধ্যাপক ইভা সাদিয়া সা’দ, অধ্যাপক নজরুল ইসলাম, ডা. তানিয়া সা’দ, অধ্যাপক ড. ইশরাত শামীম ও অধ্যাপক ড. নেহাল করিম আলোচনায় অংশ নেন। অধ্যাপক ড. সামিনা লুৎফা এবং ড. লিপন কুমার মন্ডল অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক কে. এ. এম. সা’দউদ্দিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন গুণী শিক্ষক ও গবেষক। শিক্ষক সমাজের কল্যাণে তিনি সবসময় কাজ করে গেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি অত্যন্ত জনদরদী মানুষ ছিলেন। উপাচার্য প্রয়াত এই অধ্যাপকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক কে এ এম সা’দ উদ্দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে ২০২৬ শুক্রবার ভোরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

05/07/2026
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।