বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন আজ ১৪ নভেম্বর ২০২৬ শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান স্বাগত বক্তব্য দেন। মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুর রহমান থিম স্পিকার হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল্লাহ ও ড. মোবারক আহমেদ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাফিস আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়কা আহমেদ অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশে রসায়ন শিক্ষা ও গবেষণার উন্নয়নে কেমিক্যাল সোসাইটির ভূমিকা তুলে ধরে বলেন, গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। এলক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট ও টেকসই শিল্প উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নভিত্তিক নতুন উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াতে বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের মতো উদ্যোগ আরও জোরদার করতে হবে। তিনি আরও বলেন, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের বৈজ্ঞানিক অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, গবেষক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পাটের আঁশসহ দেশীয় কাঁচামাল ব্যবহার করে নতুন পণ্য তৈরি ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে গবেষকদের প্রায়োগিক গবেষণা চালাতে হবে। মানুষের জীবন-মানের উন্নয়ন ও সমস্যা নিরসন করাই গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত । তিনি বলেন, বিজ্ঞান, শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকার আরও বেশি অর্থ বরাদ্দ দিতে আগ্রহী । দেশের মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের দক্ষতাকে কাজে লাগিয়ে সরকার জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে চায়। শিল্পকারখানায় দুর্ঘটনা প্রতিরোধে সরকারের সঙ্গে একযোগে কাজ করার জন্য তিনি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও রসায়ন বিভাগের প্রতি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে সময়মতো ক্লাস, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ-সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

১৪/১১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়