আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে “তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন ( COMPAS ২০২৬)” আজ ৯ অক্টোবর ২০২৬ শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এবং COMPAS ২০২৬-এর জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গবেষণার মান শুধু প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন বা র্যাঙ্কিং দিয়ে বিচার করা উচিত নয়। গবেষণার প্রশ্নের গুরুত্ব, ফলাফলের পুনরুৎপাদনযোগ্যতা এবং মানুষের জীবনে এর ইতিবাচক প্রভাবও এক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গবেষণার নৈতিকতা, তথ্যের দায়িত্বশীল ব্যবহার, স্বচ্ছতা ও গবেষণার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন অনুষদের মধ্যে যৌথ গবেষণা, ল্যাবরেটরি সুবিধা ভাগাভাগি ও কম্পিউটিং সুবিধা বাড়ানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, দু’দিনব্যাপী সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ডেটা অ্যানালাইসিস, ভিজ্যুয়াল কম্পিউটিং ও কোয়ান্টাম কম্পিউটিংসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন ও প্লেনারি অধিবেশনের আয়োজন করা হবে। এতে দেশি-বিদেশি গবেষক ও বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা, প্রযুক্তির বাস্তব প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে এর সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়