Latest News

মরহুম অধ্যাপক ড. আনোয়ারুল আজীম চৌধুরী স্যারের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

Published April 1, 2026 Department of Microbiology
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা ও পথিকৃৎ মরহুম অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী স্যারের ৪২ তম   মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে বিভাগে একটি বিশেষ স্মরণসভা ও ৯ম স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনামুল হক। বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় স্মরণসভা। সভার প্রারম্ভিক পর্বে অনুজীববিজ্ঞান বিভাগের আজকের সাফল্যের পেছনে যে মহান ব্যক্তিত্ত্বের অবদান অনস্বীকার্য, মরহুম অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী স্যারের বর্ণাঢ্য কর্মজীবন এবং দর্শনের আলোকপাত করা হয়। একটি তথ্যচিত্রের মাধ্যমে তাঁর ব্যক্তিত্ব ও কর্মগাথা তুলে ধরেন বিভাগের সহকারী অধ্যাপক ইশরাত দিলরুবা মিশু। স্মৃতিচারণ করেন বিভাগের অন্যতম জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মাহমুদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন মরহুম অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী স্যারের পরিবার। পরিবারের পক্ষ থেকে স্মৃতিরোমন্থন করেন স্যারের পুত্র জনাব নাঈম আনওয়ার চৌধুরী। একইসাথে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি। অনুজীববিজ্ঞান বিষয়ে  অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী স্যারের কৃতিত্বের স্মরণে " In Search of Protective Antibodies Against Streptococcus pneumoniae  and Their Uses" শীর্ষক পাণ্ডিত্যপূর্ণ  বক্তব্য রাখেন বিভাগের যশস্বী অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান। তাঁর জ্ঞানগর্ভ আলোচনার শেষে বিভাগের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক তুলে দেন অধ্যাপক ড. মো: এনামুল হক, ডিন (ভারপ্রাপ্ত), জীববিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সভার সমাপনী অংশে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে স্মরণসভা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক ড.  সামিনা মমতাজ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে  সভার সমাপ্তি ঘোষণা করেন।

Link copied