২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের স্মৃতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে গত ২৯ জুলাই, ২০২৬ তারিখে একটি স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। "জুলাই গণঅভ্যুত্থান স্মরণ: তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ" শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে শহিদদের আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের মাননীয় ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আব্দুল করিম। বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মু: মনজুরুল করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং জবাবদিহিতামূলক, মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং আত্মত্যাগের মহিমা নান্দনিকভাবে উপস্থাপিত হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে ভুমিকা এবং আগামীর বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে নির্মিত একটি বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলকে গভীরভাবে আবেগাপ্লুত করে। পরবর্তী পর্বে বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুল হক শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানের এ পর্যায়ে প্রধান অতিথি অধ্যাপক ড. মো: আবদুল করিম তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক ড. সামিনা মমতাজ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।