ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগে বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারে সংঘটিত একাধিক শোকাবহ মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভাগের বিভিন্ন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের অকাল প্রয়াণে বিভাগজুড়ে শোকের ছায়া নেমে আসে। দোয়া মাহফিলে স্মরণ করা হয় বিভাগের ৩য় বর্ষ (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) এর শিক্ষার্থী মৌনতা নুর রহমানকে, যিনি চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। এছাড়াও বিভাগের টেকনিক্যাল অফিসার (অবসরপ্রাপ্ত) জনাব আব্দুল মান্নান ২১ এপ্রিল ২০২৬ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
একই সঙ্গে বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আলিফা জামান এশার পিতা ড. মোঃ কামরুজ্জামান, যিনি লাংস ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে ২২ এপ্রিল ২০২৬ ইন্তেকাল করেন, এবং বিভাগের এমএস শিক্ষার্থী সায়মা রহমানের পিতা মোঃ আনিসুর রহমান, যিনি চিকিৎসাধীন অবস্থায় গত ০২ এপ্রিল ২০২৬ মৃত্যুবরণ করেন—তাঁদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এছাড়া বিভাগের ১ম বর্ষ (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) এর শিক্ষার্থী মিনহাজুল ইসলামের মা ও তাঁর আত্মীয়সহ চারজন ২২ নভেম্বর ২০২৫ সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই মর্মান্তিক ঘটনাও দোয়া মাহফিলে গভীর বেদনার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবাই মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগ পরিবারের পক্ষ থেকে সকল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করা হয়।