স্মৃতি, আনন্দ ও বেদনায় ঢাবির অণুজীববিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষকের বিদায় সংবর্ধনা
আনন্দ ও বেদনার মিশেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের তিন শিক্ষক অধ্যাপক ড. ডোনাল্ড জেমস গোমেজ স্যার, অধ্যাপক ড. মো. আবদুল মালেক স্যার ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে ১৪ অক্টোবর ২০২৬ আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী তিন শিক্ষকের জীবন ও কর্ম এবং বিভাগের বিকাশে তাঁদের অবদান তুলে ধরা হয়। পাশাপাশি সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসে তাঁদের সঙ্গে দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা ও আবেগঘন মুহূর্ত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান ম্যাডাম। এরপর বিদায়ী শিক্ষকদের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে তাঁদের ব্যক্তিগত জীবন, শিক্ষকতা এবং বিভাগের সঙ্গে দীর্ঘ পথচলার বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রটি উপস্থিত সবার সামনে তাঁদের সুদীর্ঘ কর্মজীবনের স্মৃতিগুলো নতুন করে জীবন্ত করে তোলে।
অনুষ্ঠানের স্মৃতিচারণ পর্বে বিভিন্ন সহকর্মী বিদায়ী শিক্ষকদের সঙ্গে কাটানো সময়ের কথা বলেন। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা, পারস্পরিক সহযোগিতা এবং কর্মজীবনের নানা ঘটনা উঠে আসে তাঁদের বক্তব্যে। কখনো আনন্দঘন কোনো স্মৃতি উপস্থিত সবার মুখে হাসি ফোটায়, আবার কখনো দীর্ঘদিনের সহকর্মীদের বিদায়ের অনুভূতি পরিবেশকে আবেগঘন করে তোলে। অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা মানপত্র ও উপহার তুলে দেন।
এরপর বিদায়ী তিন শিক্ষকও তাঁদের বক্তব্যে শিক্ষকতা জীবনের নানা অভিজ্ঞতা ও বিভাগের সঙ্গে পথচলার স্মৃতি ভাগ করে নেন। তাঁদের কথায় উঠে আসে কর্মজীবনের বিভিন্ন ঘটনা, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এবং বিভাগকে ঘিরে ব্যক্তিগত অনুভূতি। প্রাণিবিদ্যা বিভাগের মাত্র তিনটি কক্ষ থেকে যাত্রা শুরু করে অণুজীববিজ্ঞান বিভাগ কীভাবে আজকের বৃহৎ পরিসরে পৌঁছেছে, সেই দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন শ্রদ্ধেয় শিক্ষকগণ।
স্বাগত বক্তব্যের পর বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. আনিসুর রহমান খান স্যার বিভাগের প্রতিষ্ঠাকাল থেকে বিদায়ী তিন শিক্ষকের অবদানের কথা তুলে ধরেন। তাঁদের প্রত্যেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতি ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ইসরাত দিলরুবা মিশু ও প্রভাষক আতিক আবরার রহমান। শেষ পর্বে অধ্যাপক ড. সানযুক্তা আহসান ম্যাডাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তাঁর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে স্মৃতি, শ্রদ্ধা ও আবেগে পরিপূর্ণ এ বিদায় সংবর্ধনার সমাপ্তি ঘটে।