ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে Professional Masters in Artificial Intelligence and Data Engineering (PMAIDE) প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান ও ১ম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন গত ০৩ এপ্রিল ২০২৬ রোজ শুক্রবার সকাল ১১:১৫ মিনিটে বিভাগীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও প্রোগ্রাম পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. সাইফুদ্দিন মোঃ তারিক এবং সদস্য জনাব মোঃ তানভীর আলমসহ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রোগ্রামের ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট ইনস্ট্রাক্টর, কো-ইনস্ট্রাক্টর, টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে Artificial Intelligence (AI) ও Data Engineering চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের অন্যতম প্রধান চালিকাশক্তি। এই প্রেক্ষাপটে PMAIDE প্রোগ্রামের সূচনা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, আধুনিক গবেষণা সম্প্রসারণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর অবদান রাখা সম্ভব হবে।

কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. সাইফুদ্দিন মোঃ তারিক প্রোগ্রামের সিলেবাস, একাডেমিক কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মানের পেশাজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
ডিন অধ্যাপক ড. উপমা কবির তার বক্তব্যে বলেন, নতুন প্রযুক্তিনির্ভর এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল একাডেমিক জ্ঞানই নয়, বরং বাস্তবমুখী দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে তারা যেন অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বিশ্বব্যাপী কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে পারে।

উল্লেখ্য, জানুয়ারি ২০২৬ সেমিস্টারে PMAIDE প্রোগ্রামের ১ম ব্যাচে ভর্তির জন্য গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২১৮ জন আবেদনকারীর মধ্যে ১৯২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৬৬ জন উত্তীর্ণ হয়। পরবর্তীতে মেধাক্রমের ভিত্তিতে ৪০ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে।
অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা ইঞ্জিনিয়ারিং ও সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।