ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে গত ২৭ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য “Applied AI for Central Bank Officials” শীর্ষক ১২ সপ্তাহব্যাপী সার্টিফিকেট কোর্সের উদ্বোধন এবং পরিচিতিমূলক (Introductory) সেশন অনুষ্ঠিত হয়েছে।


কোর্সটির প্রথম ব্যাচে বাংলাদেশ ব্যাংকের ৩০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, বিভাগের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট শিল্পখাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে কোর্সটির উদ্দেশ্য, গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।



আগামী ১২ সপ্তাহব্যাপী এ কোর্সে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মৌলিক ধারণা, আধুনিক AI টুলসের ব্যবহার, বাস্তবভিত্তিক প্রয়োগ এবং কেন্দ্রীয় ব্যাংকিং কার্যক্রমে AI-এর সম্ভাব্য ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্সটি পরিচালনা করবেন বিভাগের ১৫ জন শিক্ষক এবং শিল্পখাতের ৩ জন বিশেষজ্ঞ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক আবু আহমেদ ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মোঃ হায়দার আলী, অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, কোর্স পরিচালনা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. ইসমাত রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের AI-ভিত্তিক দক্ষতা বৃদ্ধি, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা উন্নয়ন এবং কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।