Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে PMICS প্রোগ্রামের ৩য় ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Published September 1, 2026 Department of Computer Science and Engineering
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে পরিচালিত Professional Master's in Information and Cyber Security (PMICS) প্রোগ্রামের ৩য় ব্যাচের সনদপত্র প্রদান অনুষ্ঠান গত ২৯ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যায় সিএসই বিভাগের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি প্রোগ্রামটি সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক। স্বাগত বক্তব্য প্রদান করেন PMICS প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রোগ্রাম পরিচালনা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. ইসমাত রহমান সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। এ ছাড়া পিএমআইসিএস প্রোগ্রামের ৩য় ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাদের এবং তাহসিনা সাদিয়া মিম অনুষ্ঠানে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুস সালাম আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংঘটিত সাম্প্রতিক সাইবার হামলার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ ধরনের সাইবার হুমকি ও আক্রমণ মোকাবিলায় যোগ্য, প্রশিক্ষিত ও পেশাদার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, PMICS প্রোগ্রাম দেশের সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সনদপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি তাঁদের অর্জিত জ্ঞান ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, অনুষ্ঠানে PMICS প্রোগ্রামের ৩য় ব্যাচের মোট ৩৬ জন ডিগ্রীধারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Link copied