Latest News

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সৌজন্য সাক্ষাৎ

Published April 9, 2026 Department of Computer Science and Engineering
All Latest News

অদ্য ০৯ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন -এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ -এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বিভাগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, অধ্যাপক ড. সাব্বির আহমেদ, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রশীদসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এবং উদীয়মান প্রযুক্তি খাতে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে গবেষণা কার্যক্রম জোরদার, ল্যাব উন্নয়ন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ কর্মসূচি ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে কমিশনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

অপরদিকে, সিএসই বিভাগের পক্ষ থেকে কমিশনের সাথে সমন্বয় বৃদ্ধি করে যুগোপযোগী কারিকুলাম উন্নয়ন, শিক্ষা ও গবেষণা বিষয়ক আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, গবেষণা তহবিল সম্প্রসারণ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

এই সাক্ষাৎ উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

Link copied