নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (এনওয়াইবিবি)-এর উদ্যোগে আজ ২৫ এপ্রিল ২০২৬ শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ফিউচার বায়োটেকনোলজিস্টস্ সামিট এবং ৬ষ্ঠ আন্তর্জাতিক ইয়াং বায়োটেকনোলজিস্টস কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন। আন্তর্জাতিক ডিএনএ দিবস উপলক্ষে এই সামিট ও কংগ্রেসের আয়োজন করা হয়।
এনওয়াইবিবি-এর নির্বাহী পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারপার্সন ড. সামিনা আহমেদ ও অ্যারিস্টোফার্মার পরিচালক সাদমান শাহরিয়ার হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. আদনান মান্নান স্বাগত বক্তব্য দেন। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. মাহিন রানা ও রিনভী নুসরাত প্রাপ্তি অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এধরনের সামিট ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে। তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞানচর্চার নতুন ক্ষেত্র উন্মোচনেও এটি ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, অভিজ্ঞ গবেষকদের সঙ্গে নবীনদের এই মেলবন্ধনকে দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে।
উল্লেখ্য, এই সামিটে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৫০জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন। এই কংগ্রেস নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত ও সহযোগিতা করবে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় জিনোমিক্স ও এআই-চালিত বায়োটেকনোলজির উদীয়মান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

২৫/০৪/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়