ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘State of Social Science Research at the University of Dhaka: Past Histories, Contemporary Trends and Future Directions’ শীর্ষক এক সেমিনার আজ ১৯ মে ২০২৬ মঙ্গলবার কেন্দ্রের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যান ও গবেষণা কেন্দ্রের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে মানসম্মত গবেষণা পরিচালনার উপর গুরুত্বারোপ করে বলেন, গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের ব্যাপারে উদ্যোগী হতে হবে। নতুন জ্ঞান সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারগুলোকে যথাযথভাবে কার্যকর করতে হবে। নিজ নিজ গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইট ও বিভাগীয় ওয়েবসাইটে নিয়মিতভাবে আপলোড করার জন্য তিনি শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।

১৯/০৫/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়