ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:০০টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯:০০ টায়। প্রথম জামাতে ইমামতি করবেন--মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮:০০টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮:০০ টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮:০০টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
২। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ০৯ মার্চ ২০২৬ সোমবার থেকে ২৮ মার্চ ২০২৬ শনিবার ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত যথারীতি খোলা থাকবে। উপাচার্যের সভাপতিত্বে এসএমটির এক সভায় অফিসসমূহের পূর্ব নির্ধারিত ছুটি অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অফিস চলাকালে অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
৩। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত অফিস ছুটির সঙ্গে আগামী ১৫ মার্চ ২০২৬ রবিবার ০১(এক)দিন ছুটি বর্ধিত করা হয়েছে।
৪। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে আগামী ২৫ মার্চ ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ ২০২৬ বুধবার সন্ধ্যা ৭টা ১৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন, ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাত ৮টা ১৫মিনিটে জগন্নাথ হল প্রাঙ্গণে অবস্থিত গণ-সমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।
রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় ০১ মিনিট “ব্লাক-আউট” কর্মসূচি পালন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে ঐদিন বা’দ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
৫। আগামী ২৬ মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে— আলোচনা সভা, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত/প্রার্থনা প্রভৃতি।
২৬ মার্চ সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন, আবাসিক হল ও হোস্টেলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইবৃন্দ সকাল ৫.৪৫টায় স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হবেন। সকাল ৬টায় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করা হবে এবং পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ বৃহস্পতিবার বা’দ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারের সন্তানদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে।
২৯ মার্চ ২০২৬ রবিবার সকাল ১১.৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৬। পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও বর্ষের ২০ জন শিক্ষার্থীকে জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। কোষাধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
৭। ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল, বিভাগ, ইনস্টিটিউট বন্ধ থাকাকালে বিদ্যুৎ বিভ্রাটসহ অন্যান্য নিরাপত্তাজনিত সমস্যা এড়ানোর জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে:
ক) সকল অফিস কক্ষ ও শিক্ষকের কক্ষের বৈদ্যুতিক ফ্যান, লাইট, কম্পিউটার ইত্যাদির সুইচ যথাযথভাবে বন্ধ করা।
খ) কোথাও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং প্রক্টর অফিস/এস্টেট ম্যানেজারকে অবহিত করা।
গ) ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক থাকা।
ঘ) সন্দেহজনক কোনো কর্মকান্ড দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রক্টর অফিস/এস্টেট ম্যানেজারকে অবহিত করা।
ঙ) ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
৮। সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে 'From Policy to Praxis: Institutionalizing Rights, Justice and Action for Women and Girls in Bangladesh' শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ পুলিশ, উইমেন উইথ ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ) মহিলা পরিষদ, ব্র্যাক, নারী বিষয়ক আইনি সংগঠন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন অংশীজন বৈঠকে অংশ নেন।
৯। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর উদ্যোগে ‘Executive Leadership Development for City Bank Plc’ শীর্ষক ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে এমডিপি প্রোগ্রামে অংশগ্রহণকারী ১০৫জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
১০। স্বচ্ছ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দক্ষ ও যোগ্য কর্মকর্তা ও কর্মচারী (৩য় ও ৪র্থ শ্রেণি) নিয়োগের লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গঠিত কমিটির সুপারিশের আলোকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে যারা নির্ধারিত শর্ত পূরণ করবে, কেবল তারাই জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে উক্ত ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ভর্তি প্রার্থীরা ১২ মার্চ ২০২৬ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন ফি ১,০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সেবার মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।
১২। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিএসএস সম্মান ২য় বর্ষ ও ৩য় বর্ষে অধ্যয়নরত ৮ (আট) জন ছাত্র-ছাত্রীকে Husne Ara Haider Quraishi Trust 2024-2025 ফান্ড বৃত্তি বৃত্তি প্রদান করা হয়েছে। খ) বিএসএস ২য় বর্ষ ৩য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। গ) শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ইনস্টিটিউট শহীদ মিনারে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করা হয়। ঘ) উত্তর ভবনের তিনটি ওয়াশরুম মেরামত ও রং করা হয়েছে।
১৩। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ছাত্রীদের জন্য তারাবী নামাজের ব্যবস্থা করা হয়েছে। খ) হলের আবাসিক ছাত্রী, প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইফতার ও রাতের খাবারের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। গ) মৈত্রী ডিবেটিং ক্লাব আয়োজিত ইফতার পার্টি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। ঘ) ডাকসু’র সহযোগিতায় হলে ইফতার পার্টি আয়োজন করা হয়। ঙ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৪। ক) রোকেয়া হলের চামেলী ভবনের ছাদ মেরামত কাজ শেষ হয়েছে। খ) হলের অপরাজিতা ভবনের সংস্কার কাজ চলমান রয়েছে।
১৫। ক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আদ্-দ্বীন মাদার কেয়ার লি: এর সৌজন্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। খ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ইয়েস গ্রুপের উদ্যোগে “নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা: প্রতিরোধ ও প্রতিকার” শীর্ষক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।
১৬। ইতিহাস বিভাগের বি.এ (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থী রূপম পোদ্দারকে অধ্যাপক ড. এ .বি. এম. মাহমুদ বৃত্তি প্রদান করা হবে। তাকে এককালীন ১২,০০০/= টাকা বৃত্তি প্রদান করা হবে।
১৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থী পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ডিনস্ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে/যে সেমিস্টারে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-গোষ্ঠী শিক্ষার্থী অধ্যয়নরত আছে, আগামী ১২-১৬ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত উৎসব চলাকালীন সেই বিভাগ/সেমিস্টারে পরীক্ষা গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যন/ইনস্টিটিউটের পরিচালককে অনুরোধ জানানো হয়েছে।
১৮। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৮জন শিক্ষার্থীকে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি প্রদান করা হবে। তাদের এককালীন ১২,০০০/= টাকা বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: মো. হিমেল রহমান, কাজী ফারিহা ইকবাল, খন্দকার তাহমিদ রেজওয়ান, কাওসার উদ্দিন মাহমুদ, ফারিয়া ইসলাম, তাবাস্সুম এলাহী, তানজিম তাসনিম এবং মো. মাশরুর হক নাফিস।
১৯। শামসুন নাহার হলের আবাসিক/অনাবাসিক ছাত্রীদের মধ্য থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (স্নাতক) শ্রেণিতে অধ্যয়নরত ১৬ জন শিক্ষাথীকে শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাদেরকে মাসিক ১০০০/- টাকা করে ১বছরের জন্য এককালীন ১২,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: নাছিমা আক্তার সাথী, শ্রাবণী রানী মহন্ত, মোছা: সুরাইয়া আফরিন, রুমি পারভীন, মোছা: উম্মে হাবীবা হীরা, হাবিবা আক্তার, মোছা: মাছুরা আক্তার, জান্নাতুল ফেরদৌস, নাদিয়া ইসলাম ইসপা, সুুমাইয়া জান্নাত, মোছা: হাজেরা খাতুন মারিয়া, মোছা: সুমনা আক্তার সীমা, জান্নাতুল মাওয়া, নাদিয়া তাকছিন, মোছা: মোহনা আক্তার মৌ এবং সাবিকুন্নাহার।
২০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিডেড দ্যা কোরুনা-এর সমঝোতা স্মারকের আওতায় ইরাসমাস + কেএ ১৭১ প্রোগ্রামের অধীনে সেপ্টেম্বর ২০২৬ থেকে জানুয়ারি ২০২৭ পর্যন্ত ইউনিভার্সিডেড দ্যা কোরুনা-এ অধ্যয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ০২(দুই)জন শিক্ষার্থীকে মনোনয়ন প্রদান করা হবে। বিভাগ/ইনস্টিটিউট থেকে মনোনয়নের জন্য একজন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীর তথ্য (শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, হলের নাম, মোবাইল নম্বর) একাডেমিক কমিটির অনুমোদনক্রমে আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসে (১১১/ক, প্রশাসনিক ভবন) প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়