ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। বিশ্ববিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক একযোগে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ব্র্যাকের প্রতিনিধি দলের এক মতবিনিময় সভায় এব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করা হয়। ব্র্যাকের প্রতিনিধি দলের সদস্যগণ জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, এসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান পদ্ধতির উন্নয়ন এবং ন্যায়সঙ্গত শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।
২। প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি বিষয়ক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিএন্ডবি) যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে।
সম্মেলনে দেশ-বিদেশের প্রায় আড়াইশ’ বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করছেন।
৩। বিভিন্ন শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০জন মেধাবী শিক্ষার্থীকে জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তি প্রদান করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এসময় সুমিতমো কর্পোরেশনের কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
৪। কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য ড. জেফ কেশেন উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় রেজিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মি. হারুন চৌধুরী এবং সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ তাঁর সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় তাঁরা আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, কৃষি, ব্যবসা, প্রকৌশল, পদার্থবিদ্যা, রসায়ন, সমাজকর্ম, অপরাধবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ে আরও যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক উপকরণ, তথ্য-উপাত্ত, প্রকাশনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
উল্লেখ্য, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩ সালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর যাবৎ যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।
৫। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘Educating Women, Empowering Bangladesh : Reflection on the Leadership of Begum Khaleda Zia’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে তিনটি প্লেনারি সেশন ছিল। ১ম সেশনে ‘Women’s Empowerment, Education and the Legacy of Begum Khaleda Zia’ বিষয়ক পোস্টার উপস্থাপন, ২য় সেশনে ‘Women’s Empowerment and Education in Bangladesh : Reflections on Begum Khaleda Zia’s Leadership’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন এবং ৩য় সেশনে ‘Stories About Her : Gen Z’s Reflections on Khaleda Zia’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
৬। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহ্ফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন, ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় ডাকসু’র ভিপি সহ ডাকসু’র নেতৃবৃন্দ ও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফকির আবদুল মান্নান এবং ওয়াজেদা আখতার স্মারক ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধি করা হয়েছে। মূলধন বৃদ্ধির লক্ষ্যে দাতা পরিবারের সদস্য ড. মোহাম্মদ নিয়ামত ইলাহী ৬ লাখ টাকার একটি চেক উপাচার্যের কাছে হস্তান্তর করেন। এই অনুদানের মাধ্যমে ট্রাস্ট ফান্ডের মূলধন ১০ লাখ টাকায় উন্নীত হলো।
৮। ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা গবেষণা সংক্রান্ত পোস্টার তৈরি ও গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করে।
১০। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘চেয়ার’স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৩তম ও ১৪তম ব্যাচের বিএসএস (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৭ জনকে এবং পিএমআইআর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৭জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
১১। স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আইএসআরটি)-এর মাস্টার্সের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন সিপন ‘আইএসআরটি সুবর্ণজয়ন্তী পদক-২০২৫’ লাভ করেছেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীর হাতে পদক ও সনদ তুলে দেন।
১২। আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ‘Research Fair & Career Festival’ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়েব সফ্ট বিডি, সেইভ দ্যা চিলড্রেন, কারিতাস, বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন, বিসিএসআইআর, বাংলাদেশ নেভি, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, বিআইডব্লিওটিএ, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, প্লান বাংলাদেশ, বিওআরআই, এসিএফ, ইউএনডিপিসহ ৩২টি শিল্প প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা এই গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে।
১৩। চীনা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এক মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ‘Voice Across Mountains and Seas, Bonds Between China and Bangladesh’ প্রতিপাদ্য নিয়ে এবছর দিবসটি উদযাপিত হচ্ছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৪। বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৬ষ্ঠ বিজয় বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে জগন্নাথ হলের বিতর্ক ক্লাব ‘বিতর্ক একটি তার্কিক সংগঠন’ চ্যাম্পিয়ন এবং শেখ মুজিবুর রহমান হলের বিতর্ক ক্লাব ‘অ্যাসেম্বলি অব ডিবেটার্স’ রানার আপ হয়েছে। ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন পারভেজ গাজী এবং ডিবেটার অব দ্য ফাইনাল হয়েছেন ধীমান বিশ্বাস। এছাড়া, বিজয় একাত্তর হলের অভ্যন্তরীণ ভবন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বিজয় একাত্তর ‘পদ্মা’ এবং রানার আপ হয়েছে বিজয় একাত্তর ‘যমুনা’। অভ্যন্তরীণ প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শাহরিয়ার সজয় এবং ডিবেটার অব দ্য ফাইনাল হয়েছেন গিয়াসউদ্দিন রনি। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ‘৬ষ্ঠ বিজয় বিতর্ক উৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১৫। যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অমর একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অফিস প্রধানগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারী সমিতিসমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে সমন্বয়কারী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম ও ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজাকে যুগ্ম সমন্বয়কারী এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে সদস্য-সচিব করে অমর একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। এছাড়া, এ উপলক্ষ্যে ১৩টি উপ-কমিটি গঠন করা হয়।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং এ বিষয়ে কর্মশালা আয়োজনের বিষয়ে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় ছাত্র উপদেষ্টাদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসংক্রান্ত কমিটির আহবায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সভায় সভাপতিত্ব করেন।
সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক একটি কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
একই শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটের বর্তমান শিক্ষার্থীদের জন্য ৪র্থ বর্ষ (সম্মান) ও মাস্টার্স পর্যায়ে ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়েও সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
১৭। ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসর কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উল্লেখ্য, এবারের শিক্ষক ক্রিকেট টুর্নামেন্টে ‘দুর্বার একাত্তর’, ‘উত্তাল ঊনসত্তর’, ‘মহান একুশে’ এবং ‘জাগ্রত জুলাই’ এই ৪টি দল অংশ নিচ্ছে।
১৮। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৯। শেখ মুজিবুর রহমান হল ইউনিট বাঁধনের উদ্যোগে নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা ০৫ ফেব্রুয়ারি বিকাল ৩ টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে। বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ০১ ফেব্রুয়ারি থেকে ০৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ৩ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
২২। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৯জন গবেষক পিএইচ.ডি, ২৩জন এম.ফিল এবং ১জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
২৩। ক) কবি জসীম উদ্দীন হলে হল প্রশাসনের নিজস্ব অর্থায়নে অতিথি কক্ষে নতুন সোফা সরবরাহ করা হয়েছে। পাশাপাশি, পুরাতন সোফা মেরামত এবং পোলিশ করে হল অডিটোরিয়ামে সরবরাহ করা হয়েছে। খ) হল সংসদের উদ্যোগে এবং হল প্রশাসনের তত্ত্বাবধানে হলের নাম সম্বলিত অত্যাধুুনিক ও নান্দনিক প্রধান তোরণ নির্মাণ কাজ শুরু হয়েছে। গ) হল সংসদ এবং প্রশাসনের তত্ত্বাবধানে হল মসজিদে উন্নত মানের কার্পেট সরবরাহ করা হয়েছে। ঘ) হলে উত্তর ও দক্ষিণ ভবনে নিচতলার বারান্দায় চলাচলের স্থানে রাখা বাইসাইকেল অপসারণ করা হয়েছে। পাশাপাশি, বারান্দায় পরিত্যাক্ত স্টিলের র্যাক, পুরাতন জুতা-স্যান্ডেল, বইপত্র অপসারণ করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
২৪। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘স্বরস্বতী পূজা’ সুষ্ঠুভাবে উদ্যাপন করা হয়েছে। খ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
২৫। ক) বাঁধন হল ইউনিট এর উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে টি.টি. টিকা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। খ) জাঁকজমকপূর্ণভাবে হলে স্বরসতী পূজা উদযাপন করা হয়েছে। গ) হল সংসদের উদ্যোগে হলের ছাত্রীদের মধ্যে বিনামূল্যে কফি বিতরণ করা হয়েছে। ঘ) হলের নারিকেল গাছ থেকে সংগ্রহ করা ডাব ও নারিকেল দিয়ে ডাব উৎসব পালিত হয়েছে। ঙ) হলের ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
২৬। ক) রোকেয়া হল প্রাঙ্গণে সরস্বতী পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খ) হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে পানির ফিল্টার মেশিন স্থাপনের কাজ চলমান রয়েছে।
২৭। ডাকসু ও এবি গ্রুপের যৌথ উদ্যোগে এবং শামসুন নাহার হল সংসদের সহায়তায় “স্যানিটারি ন্যাপকিন বিতরণ” কর্মসূচির আয়োজন করা হয়।
২৮। ক) আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা বৃত্তি লাভ করেছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৮জন শিক্ষার্থী। খ) ইনস্টিটিউটের ১জন শিক্ষার্থী সুমিতোমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড বৃত্তি লাভ করেছে। গ) বিএসএস সম্মান ১ম ও ৭ম সেমিস্টার পরীক্ষা চলমান রয়েছে। ঘ) পতাকা স্ট্যান্ড এর চারপাশে সুসজ্জিত করণের জন্য টাইলস স্থাপন করা হয়েছে।
২৯। ক) ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ ও গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি-এর যৌথ উদ্যোগে “Prospects of Insurance in Bangladesh” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি-এর সিনিয়র কনসালটেন্ট। খ) ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং প্রোগ্রামের ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রোগ্রামের কো-অর্ডিনেটর।
৩০। ক) শিল্পকলার ইতিহাস বিভাগ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে তিনদিনব্যাপী Art for Equality শিরোনামে চিত্র প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের ১ম পর্বে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত Mr. Joris van Bommel। অনুষ্ঠানের ২য় পর্বে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়।
খ) অনুষদের ওসমান জামাল মিলনায়তনে Art Venture এর উদ্যোগে Whispers of colon-2 শিরোনামে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও শিল্প আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।
৩১। নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি শনিবার “স্নাতক স্তরের শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে। সকাল ৯:৩০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান।
৩২। উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুলফা বেগমকে কাজী আবদুল ফাত্তাহ্ ও খুরশীদা বানু ফাত্তাহ্ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাকে এককালীন ১২,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হবে।
৩৩। বাংলা বিভাগের ১০জন শিক্ষার্থীকে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: নাইম সিরাজ, ফাবিহা বুশরা প্রিয়ন্তি, তাসনিয়া জাহান মুনমুন, নুসরাত জাহান সুবর্ণা, আনিকা তাবাসসুম, সাবিকুন নাহার, আনিবা তাসনীম, আলপনা আক্তার, সালমা বেগম এবং আ. খালেক ।
৩৪। সংগীত বিভাগে অধ্যয়নরত বি.এ. (সম্মান) ৪র্থ বর্ষ এবং এম.এ. ১ম সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ৪ দিনব্যাপী “ফিল্ড ট্রিপ ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
৩৫। অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে নারায়ণগঞ্জ-এর বসন্ত বিলাস রিসোর্টে বার্ষিক বনভোজন গরপৎড় চরপহরপ অনুষ্ঠিত হয়। বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ইনডোর গেমস ও শিক্ষার্থীদের প্রস্তুতকৃত পিঠা-পুলির সম্ভারে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
৩৬। জাতিসংঘ কর্তৃক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহকে বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ ঘোষণা করা হয়েছে। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে প্রতি বছর বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ‘‘আন্তঃধর্মীয় সম্প্রীতি র্যালি’’ বের করা হবে। র্যালিটি উদ্বোধন করবেন উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলা অনুষদের ডিন।
৩৭। পদার্থ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
৩৮। স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হল প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপী “Indoor Sports Competition 2026” অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবাসহ মোট ৬টি ইভেন্টে হলে সংযুক্ত প্রায় ৪০জন বিদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ করা হয়। বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন হলের প্রাধ্যক্ষ। প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, হলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়