ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠ পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। উপাচার্য আজ ২০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এঁর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপাচার্য ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে গৃহীত পদক্ষেপসমূহ, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং বৃদ্ধিসহ শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। উপাচার্য এসময় মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গৌরবময় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ মর্যাদা প্রাপ্তির বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন ও অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিক্স বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির ক্ষেত্রেও উপাচার্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চান। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহ-শিক্ষামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এক্ষেত্রেও তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা চান। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপাচার্য আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় সম্ভাব্য সমাবর্তনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে যোগদানে সম্মতি জ্ঞাপন করেন।
২। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং জাপান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা (জেএসটি) - এর অর্থায়নে “হাওরের বন্যা পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প” শীর্ষক একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে গবেষণা প্রকল্পটি উদ্বোধন করেন। কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোরু তেরাও-এর নেতৃত্বে জাপান থেকে আগত চার সদস্যের একটি গবেষক দল অনুষ্ঠানে উপস্থিত ছিল।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে ‘‘বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান” শীর্ষক কর্মসূচি উপাচার্যের বাসভবন সংলগ্ন মল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন।
৪। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বৈঠককালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম জোরদার করার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে তাঁরা মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ফারসি ভাষা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়েও তাঁরা আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, সৌর প্রযুক্তি, চিকিৎসা ও ফার্মেসিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের ওপর তাঁরা জোর দেন। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাসের যৌথ পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিয়েও আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি ভিজিটিং প্রফেসর, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
৫। ভারতে নিযুক্ত লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত মিস ডায়ানা মিকেভিসিয়েন উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠককালে তাঁরা লিথুয়ানিয়া-সহ বিভিন্ন ইউরোপীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সৌর-প্রযুক্তি, জৈব-প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং পদার্থবিজ্ঞান বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লিথুয়ানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালু ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। এ বিষয়ে তাঁরা শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন।
৬। ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন ১৯ আগস্ট সিনেট ভবনে শুরু হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রেখে কার্যকর বহুপাক্ষিকতাকে সুসংহত করা।’
৭। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষ ও বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী ‘মো: নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। উপাচার্য চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সার্টিফিকেট তুলে দেন।
৮। কলা অনুষদের উদ্যোগে ‘Stress Management in Everyday Life’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান গাজীপুরের বাহাদুরপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১০। বিজনেস স্টাডিজ অনুষদের ম্যাগাজিন প্রকাশনা সংগঠন ‘ভয়েস অব বিজনেস’-এর উদ্যোগে দু’দিনব্যাপী ‘ভিওবি জব ফেয়ার’ অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
১১। মৎস্যসম্পদ গবেষণায় অসামান্য অবদানের জন্য প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ লাভ করেছেন। মৎস্যসম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে তিনি এই পদক লাভ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেন।
১২। সমুদ্রবিজ্ঞান বিভাগ, ঢাকাস্থ ফরাসি দূতাবাস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স-এর যৌথ উদ্যোগে “ Training on Reinforcing Technical Capacity of Water Level Data Collection, Processing and Analysis for Climate Hazard Management in the Bangladeshi Delta ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
১৩। জাপানের Researching South Asian Religion and Society from the Perspective of Cultural Anthropology- এর প্রতিনিধি Prof. Masahiko Togawa বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভাগের উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। এ সময় বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
১৪। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ‘‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত সম্মানিত অতিথি এবং কলা অনুষদের ডিন ও ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১৫। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ১ম বর্ষ ১ম সেমিস্টার মিড-টার্ম পরীক্ষা এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার মিড-টার্ম পরীক্ষা শেষ হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ১ম বর্ষ ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। খ) দক্ষিণ ভবনের নিচতলার ক্লাস রুমের মাল্টিমিডিয়া এবং সাউন্ড সিস্টেম সার্ভিসিং করা হয়েছে। এছাড়াও ইনস্টিটিউটের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
১৬। ক) অণুজীব বিজ্ঞান বিভাগের এমএস ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কেনিয়ান শিক্ষার্থী Mulubi Duncan এমএস ডিগ্রি সম্পন্ন করায় “বিদায় সংবর্ধনা” দেওয়া হয়। তিনি কমনওয়েলথ স্কলারশিপ কমিশন এর আওতায় বৃত্তি নিয়ে এই ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান বক্তব্য দেন।
খ) অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাফিউল ইসলাম রাঙ্গাঁর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে গমন উপলক্ষে এক “সংবর্ধনা” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৭। শক্তি ইনস্টিটিউটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের MS in Renewable Energy Technology (MRET) প্রোগ্রামের এম.এস ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষক, শিক্ষার্থীসহ মোট ৩৭জনের একটি দল কক্সবাজারে অবস্থিত খুরুশকুল ৬০ মেগাওয়াট উইন্ড পাওয়ার প্লান্ট পরিদর্শন করে। পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিদ্যুৎ কেন্দ্রের কার্যপ্রণালী, উইন্ড টারবাইনের নকশা, ট্রান্সফরমারের কার্যপ্রণালী, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
১৮। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে “শেকড় থেকে শিখরে: তারুণ্যের ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ।
১৯। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২০। ফজলুল হক মুসলিম হলে গত ১৬ আগস্ট সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
২১। সরকার ২৫ মে, ২০২৬ থেকে ২৫ মে, ২০২৭ পর্যন্ত 'নজরুল বর্ষ ঘোষণা করেছে। 'নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে ২৫ মে, ২০২৭ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক পত্রে 'নজরুল বর্ষ'-এর নির্ধারিত লোগো ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সরকার কর্তৃক উন্মোচিত লোগোটি (https://moca.gov.bd/pages/news/6a684d9926c779c28e17a559) এই ওয়েবলিংক থেকে সংগ্রহ করা যাবে।
২২। বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের এম.এস শ্রেণির ৪জন শিক্ষার্থীকে খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।
২৩। রসায়ন বিভাগ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২জন শিক্ষার্থীকে ভাষা সৈনিক অধ্যাপক ড. এ.এস.এম. নুরুল হক ভুইয়া ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে। তাদেরকে এককালীন ১০,০০০/- টাকা করে প্রদান করা হবে।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আফতাব জাহান ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড হতে এককালীন বৃত্তি প্রদানের জন্য সাদা কাগজে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীদের নাম, পঠিত বিষয়, অধ্যয়নরত শ্রেণি, শিক্ষাবর্ষ, রোল নম্বর, হলের নাম এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিটিউটের পরিচালক এবং সংশি¬ষ্ট হলের প্রাধ্যক্ষ/প্রাধ্যক্ষার মাধ্যমে রেজিস্ট্রারের বরাবর আবেদন করতে হবে।
২৫। উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক এ.কে.এম নজরুল ইসলামের স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৬। ওষুধ প্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট স্থানীয় সময় রাত ৮:০৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। উপাচার্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়