ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই দিবস পালিত হয়।
গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা অতিথিদের স্বাগত জানান উপাচার্য। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী মার্কেটিং বিভাগের অধ্যাপক, যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের ডিন, ফার্মেসী অনুষদের ডিন এবং সদস্য-সচিব প্রক্টর সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথকভাবে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসেবে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল ৬:৩০টায় ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হয়। উপাচার্য এতে নেতৃত্ব দেন। মৌন মিছিল ও প্রভাতফেরিটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গমন করে। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রক্টর, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, সকল অনুষদের ডিন, হল ও হোস্টেলসমূহের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ সকল হলের মসজিদ এবং আবাসিক এলাকার মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
২। উপাচার্য ১৯ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী মার্কেটিং বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন, চারুকলা অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট এবং চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
৩। আগামী ২ মার্চ সকাল ১০টায় কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় ‘পতাকা উত্তোলন দিবস’ উদ্যাপিত হবে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উদ্বোধন করবেন।
৪। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য মহামান্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের ধারাবাহিকতায় উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি এই আবেদনপত্র পেশ করলেন।
এসময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এক্ষেত্রে তাঁর সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
৫। সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট (সিটিআই) এবং জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে রিজিওনাল ইনপুট-আউটপুট অ্যানালাইসিস বিষয়ে ২য় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন সেমিনারে প্রধান অতিথি এবং রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারের ৩টি পৃথক অধিবেশনে মোট ৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
৬। নারী শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে তিনটি ছাড়নীতি ও একটি উদ্যোগ গ্রহণ বিষয়ে গঠিত কমিটির রিপোর্ট অনুমোদন করা হয়েছে। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিনস্ কমিটির সভায় এটি অনুমোদন করা হয়। কমিটির রিপোর্টে বলা হয়, “শিক্ষার্থীর মাতৃত্বকালীন সময়ে পরীক্ষার জন্য উপস্থিতির শর্ত শিথিল যোগ্য”।
৭। গ্রাফিক ডিজাইন বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২৩ ফেব্রুয়ারি জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।
শিল্পকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা শিল্পকর্মের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৪জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
৮। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে “Win Ratio Estimators for Prioritized Composite Outcomes from Observational Studies and Randomized Experiments with Noncompliance” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৯। ক) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খ) হলের ছাত্রীদের সুবিধার্থে রমজান মাস উপলক্ষে তারাবির নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। গ) হলের মসজিদ ও ছাত্রীদের নামাজ রুম সুসজ্জিত করা হয়েছে। ঘ) হলের ফিল্টারসমূহ সার্ভিসিং করা হয়েছে। ঙ) হলের নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশার ওষুধ ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে।
১০। ক) কবি সুফিয়া কামাল হলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এদিন কবি সুফিয়া কামাল হল সংসদের তত্ত্বাবধানে আমার ভাষায় আমার গল্প ও কুইজ প্রতিযোগিতা-এর আয়োজন করা হয়। খ) পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী হলে আলোকসজ্জা করা হয়েছে। গ) সুষ্ঠু বর্জ্য ব্যবস্থপনার নিমিত্তে নতুন একটি ময়লার ভ্যান ক্রয় করা হয়েছে। ঘ) হলের প্রত্যয় ভবনে পানির লাইনের সংস্কার কাজ করা হয়েছে। ঙ) হলের সুপেয় পানির ফিল্টারসমূহের সংস্কার কাজ করা হয়েছে।
১১। ক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে পবিত্র রমজান মাসে খতমে তারাবীহ্ এর ব্যবস্থা করা হয়েছে। খ) হল সংসদের উদ্যোগে “মাহে রমজান: আত্মশুদ্ধির আহ্বান” শীর্ষক এক আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করা হয়েছে।
১২। ক) রোকেয়া হলের অপরাজিতা ভবনের ছাদে ০২টি পানির ট্যাংক মেরামতের কাজ চলমান রয়েছে। খ) হলের অপরাজিতা ভবনে দক্ষিণ পাশে ১টি এবং উত্তর পাশে ৩টি নতুন পানির ফিল্টার মেশিন স্থাপন করা হয়েছে।
১৩। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিএসএস সম্মান ২য় বর্ষ ও ৩য় বর্ষের ৮ জন শিক্ষার্থীকে Husne Ara Haider Quraishi Trust ফান্ড বৃত্তির জন্য সুপারিশ করা হয়। খ) আন্ত:বিভাগ ক্রিকেট টুনামেন্টে ক্রিমিনোলজি বিভাগকে হারিয়ে জয়ী হয়েছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ক্রিকেট টিম। গ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ৩য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। ঘ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমএসএস ১ম সেমিস্টার মিডর্টাম পরীক্ষা শুরু হয়েছে। ঙ) ইনস্টিটিউটের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।
১৪। ভূতত্ত্ব বিভাগের এম.এস. শ্রেণির শিক্ষার্থী উৎসব বসাককে পারভেজ স্মারক বৃত্তি প্রদান করা হবে। মাসিক ৩৫০/= টাকা হারে এক বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
১৫। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পত্রের শর্তাবলী অনুযায়ী ২০২৩ সনের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক শিক্ষার অগ্রগতি সাপেক্ষে ১৪৯৬জন শিক্ষার্থীর বেতন মওকুফ ও এককালীন মঞ্জুরী ৯০০/- টাকাসহ মাসিক ৪৫০/- টাকা হারে সাধারণ বৃত্তি ২০২৫ সনের ১লা জুলাই থেকে এক বছরের জন্য মঞ্জুর করা হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েবসাইটে (https://studentscholarship.du.ac.bd) গিয়ে অনলাইনে ০৫-০৩-২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। যারা আবেদন করবেন না, তাদের নাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা সম্ভব হবে না। বৃত্তির অর্থও দেয়া সম্ভব হবে না। বিস্তারিত নির্দেশনাবলী উক্ত ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
১৬। ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ’র শিক্ষার্থী মো: এসানুল হক সিয়ামকে এম. এ খালেক এবং এ. এন. এইচ বারী ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। মাসিক ৩০০/= টাকা হারে এক বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
১৭। উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫জন শিক্ষার্থীকে ১ বছরের জন্য কাজী আশরাফ মাহমুদ স্মারক বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন-মার্জিয়া খাতুন, মোসা. শাহানাজ নুসরাত, ইমন বড়াল, সুহানা মৌরিন, কানিজ ফাতেমা বুশরা।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়