ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত ২০২৭ সালের QS World University Rankings 2027: Top Global Universities শীর্ষক তালিকায় তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অধিকার করেছে। উল্লেখ্য, গত দুই বছরের র্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ সেরা হয়েছিলো।
২। একাডেমিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে সহ-শিক্ষামূলক যৌথ কার্যক্রম ও গবেষণা প্রকল্প গ্রহণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্প্রতি তুরস্ক সফরকালে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেক্টরের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেন।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন, শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘Academic Development Plan for Dhaka University’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য কর্মশালায় সভাপতিত্ব করেন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচিসমূহে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে আগামী ১ জুলাই বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
৫। নগর তাপপ্রবাহের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি চিহ্নিতকরণ, স্বাস্থ্যঝুঁকি নিরসন এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে নীতিনির্ধারকদের প্রমাণভিত্তিক সুপারিশ প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “এক্সপোজিং হিডেন হিট: ম্যাপিং হিট-ড্রিভেন হেলথ ডিসপ্যারিটিস এ্যান্ড এ্যাডভান্সিং পলিসি ইমপ্লিকেশন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট ইন ঢাকা, বাংলাদেশ” শীর্ষক একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য এই আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন।
৬। ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদে ফুরুকাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত শিক্ষকদের জন্য পরিচালিত বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পের সার্বিক অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
ইউনেস্কো বাংলাদেশের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এ প্রকল্পের কারিগরি অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছে। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং কক্সবাজার শিক্ষা সেক্টর প্রকল্পটিকে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেছে।
৭। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট-এর অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের ২১তম ব্যাচের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, অনুষ্ঠানে ৫৮ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী এবং রুশ ভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি এবং ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৯। ৪৯তম বিশেষ বিসিএস কর্মকর্তাদের গেট টুগেদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১০। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। খ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ঙ) হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
১১। ক) রোকেয়া হলের ৭মার্চ ভবনের কক্ষগুলোতে উইপোকা নিধন কার্যক্রম চলমান রয়েছে। খ) হলের অপরাজিতা ভবনে ছাত্রীদের কক্ষে দেয়াল, আলমারী মেরামত কাজ চলমান রয়েছে। গ) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে Institutional Quality Assurance Cell (IQAC)-এর সঙ্গে হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘ) হল সংসদের সহযোগিতায় প্রজেক্টরের মাধ্যমে হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে।
১২। ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাজিয়া খানম আনিকাকে এ. কে. এম.হাফিজউদ্দিন বৃত্তি, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সানজিদা খানমকে রাবেয়া মোবারক স্মারক বৃত্তি, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী মো. মিরাজকে এম. এ খালেক এবং এ. এন, এইচ বারী ট্রাস্ট বৃত্তি, ইংরেজি বিভাগের ৪ জন শিক্ষার্থীকে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম মেমোরিয়াল বৃত্তি ও ৮ জন শিক্ষার্থীকে মাজেদা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি এবং অর্থনীতি বিভাগের ৫ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়