ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। উপাচার্যের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, বৃত্তি এবং দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
২। ফরাসি উন্নয়ন সংস্থা’র খ্যাতিমান পরিবেশ বিশেষজ্ঞ ড. ফরিদ লামারা উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠককালে ফরাসি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ‘বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি’ শীর্ষক একটি গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করবে। বৈঠকে গবেষণা প্রকল্পের জন্য তথ্য সংগ্রহের এমন একটি কাঠামো তৈরির বিষয়েও আলোচনা করা হয়, যা জলবায়ু পরিবর্তন কীভাবে মানবাধিকারকে প্রভাবিত করছে - তার সুশৃঙ্খল পর্যবেক্ষণে সহায়তা করতে পারে। সরকার, সুশীল সমাজ ও শিক্ষাঙ্গন-সহ বিভিন্ন পক্ষ এই কাঠামোটি ব্যবহার করতে পারবে বলেও তাঁরা মত প্রকাশ করেন। গবেষণা প্রকল্পটি পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গবেষণা কমিটি ও বৈজ্ঞানিক কমিটি গঠনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। পাশাপাশি, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্রকৃতি, জলবায়ু পরিবর্তন ও নদী দূষণ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফরাসি উন্নয়ন সংস্থার মধ্যে আরও যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
৩। উপাচার্যের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপাচার্যের কার্যালয়ে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষক প্রশিক্ষণ এবং হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ( HEAT) প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে HEAT প্রকল্পের আওতায় বিভিন্ন উপ-প্রকল্পের প্রস্তাব, বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকদের প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
HEAT প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের Mid-Term Review Mission -এর কার্যক্রম ২৪ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে প্রতিনিধি দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করে।
৪। অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিকস অ্যান্ড ডেটা সায়েন্স (আইএএসডিএস)-এর অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান খান এবং একই ইনস্টিটিউটের ৫জন শিক্ষার্থী জার্মানির ফ্রাইবুর্গে অনুষ্ঠিত ISCB–GMDS 2026 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অ্যাওয়ার্ড লাভ করেছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে ৩জন বর্তমান শিক্ষার্থী এবং ২জন সদ্য গ্রাজুয়েট শিক্ষার্থী। অধিকাংশ গবেষকের গবেষণা কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক ড. খান। অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত দুইজন শিক্ষার্থী সম্মেলনে উপস্থিত হতে পারেননি। অপর ৩জন নিজ নিজ গবেষণা কর্ম উপস্থাপন করেন এবং আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। উপাচার্য আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করায় ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিকস অ্যান্ড ডেটা সায়েন্স-এর শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
৫। পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের স্নাতক সম্মান ও মাস্টার্সে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের ৩১জন মেধাবী শিক্ষার্থীকে বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্ট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টি এবং তাদের রোগীকল্যাণ ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট ( BANCAT)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ এবং BANCAT -এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় BANCAT -এর স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘ BANCAT DURBAR’-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে কর্মসূচিটির প্রচার, স্বেচ্ছাসেবক নিবন্ধন, ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সহযোগিতার আওতায় ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম ও প্রচারাভিযান আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক এবং অনলাইন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক ক্যান্সার-সংশ্লিষ্ট দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের আওতায় গবেষণা অনুদান ও বৃত্তি পেয়েছেন। এর মধ্যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২৫ জন গবেষণা অনুদান এবং ১৫ জন বৃত্তি পেয়েছেন। এছাড়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ২৫ জন গবেষণা অনুদান এবং ১৫ জন বৃত্তি পেয়েছেন। কোষাধ্যক্ষের সভাপতিত্বে ‘আইএফআইসি ব্যাংক গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনগত বাধ্যবাধকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ডর্প (DORP)-এর যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির সভাপতিত্বে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৯। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন। “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে মৎস্যবিজ্ঞান বিভাগ এই কর্মসূচি আয়োজন করে।
১০। ‘সেন্টার ফর চায়না স্টাডিজ’-এ আয়োজিত ‘চায়না কি-ওয়ার্ডস’ বিষয়ক জ্ঞান বিনিময় অধিবেশনে ‘প্রতিবেশী দেশগুলো কীভাবে চীনের আধুনিকীকরণকে দেখে’ শীর্ষক থিংক-ট্যাঙ্ক জরিপ প্রতিবেদন—প্রকাশ করা হয়েছে। ‘অ্যাকাডেমি অফ কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ’ এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে।
কনফুসিয়াস ইনস্টিটিউটের সহায়তায় ACCWS এবং ‘সেন্টার ফর চায়না স্টাডিজ SIIS-DU’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক সম্প্রদায় চীনকে কীভাবে দেখে বা বোঝে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক গবেষণা চালিয়েছে এবং চীন ও বিশ্বের মধ্যে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও প্রকাশনা উন্মুক্ত করেছে। জরিপটি ACCWS-এর একটি গবেষণা দল কর্তৃক পরিচালিত ও প্রস্তুত করা হয়েছে।
১১। “উন্নত প্রযুক্তি, জলবায়ু সহনশীলতা এবং টেকসই ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম আন্তর্জাতিক দ্বিবার্ষিক সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিবিদ্যা বিভাগ ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উপাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ প্রধান অতিথি এবং জীববিজ্ঞান অনুষদের ডিন, প্রধান বন সংরক্ষক, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১২। ডিইউডিএস-অ্যাকশনএইড বার্ষিক বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন। অ্যাকশনএইড-এর সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দুদিনব্যাপী এই উৎসব আয়োজন করে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৩। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের উদ্যোগে “ Induction Workshop for Newly Recruited Faculty Members ” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে সকালে কর্মশালা উদ্বোধন করেন। বিভিন্ন বিভাগের ১০৮ জন নবীন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
১৪। দর্শন বিভাগের উদ্যোগে দিনব্যাপী ফিলোসফি গ্র্যাজুয়েট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দর্শন বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অধ্যাপক মো. নূরুজ্জামান সম্পাদিত ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক প্রবন্ধমালার মোড়ক উন্মোচন করা হয়।
১৫। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। উপাচার্য সিনেট ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচি উদ্বোধন করেন। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১৬। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য—‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে রূপদান’। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)) র্যালিতে নেতৃত্ব দেন। পরে দিবসটির প্রতিপাদ্যের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
১৭। “সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন” প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপন করা হয়েছে। এউপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা প্রভৃতি। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফার্মেসী বিভাগ ও ফার্মেসী অনুষদ দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করে।
১৮। পাবলিক হেলথ্ বিভাগের মাস্টার্স ১ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৯। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ১ম সেমিস্টার ফাইনাল এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ৬ষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। খ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের শিক্ষাসফর সফলভাবে সম্পন্ন হয়েছে। গ) ইনস্টিটিউটের অফিস কক্ষ, ছাত্রীদের কমন রুম এবং দক্ষিণ ভবনের তৃতীয় তলায় নতুন ৬টি এলইডি লাইট স্থাপন করা হয়েছে। এছাড়াও ইনস্টিটিউটের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
২০। শামসুন নাহার হল অডিটোরিয়ামে “ Cyber Awareness Enhancement Program ” সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির মূল প্রতিপাদ্য ছিল “Think Twice Before You Click; Cyber Knowledge is Your Best Firewall ”. শামসুন নাহার হল প্রাধ্যক্ষ সেমিনারে সভাপতিত্ব করেন।
২১। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ২১৬-২২০নং ব্লকের বাথরুমের দরজা পরিবর্তন করা হয়েছে। খ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ) হলের নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
২২। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বাঁধন ইউনিটের উদ্যোগে হল প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। হলের শিক্ষার্থীদের মাঝে কোহিনূর ক্যামিকেলস এর উদ্যোগে বিনামূল্যে স্যান্ডেলিনা সাবান বিতরণ করা হয়েছে।
২৩। রোকেয়া হলের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত বোর্ড বৃত্তিপ্রাপ্ত (এইচ এস সি/আলিম-২০২৫) শিক্ষার্থীরা ০১ অক্টোবর সকাল-০৯:০০ টা থেকে ১১ অক্টোবর রাত-১২:০০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েবসাইটে ( https://studentscholarship.du.ac.bd/ ) গিয়ে অনলাইনে বোর্ড বৃত্তির আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা উক্ত ওয়েব সাইটে উল্লেখ রয়েছে। বৃত্তির আবেদনের তথ্য যথাযথভাবে পূরণ করার পর অবশ্যই Submit to Scholarship বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃত্তির আবেদন বিবেচনা করা হবে না।
বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে। বোর্ড বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign up করার সময় শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগ/ ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ই-মেইল ঠিকানা অবশ্যই ব্যবহার করতে হবে। অনলাইনে বৃত্তির আবেদন সংক্রান্ত সমস্যা হলে ০১৫৮১-৮৪৬৫০০ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।
২৫। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে IWC District 328 এর চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৬। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের ‘মুক্তির সংগ্রামে অনুভবের বৈভবে’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আগামী ৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়